Advertisement

Train Luggage Carrying Rules: ট্রেনে এগুলো সঙ্গে থাকলেই এবার আপনার জেল! জেনে নিন তালিকা

Indian Railways: রেলের নতুন নিয়ম অনুযায়ী, আপনি কোন ক্লাসে যাত্রা করছেন তার ওপর ভিত্তি করে বিনা ভাড়ায় মালপত্র বহনের সীমা নির্ধারণ করা হয়েছে। বেশি মালপত্র থাকলে আপনাকে অতিরিক্ত মাশুল গুনতে হবে, অথবা কড়া জরিমানার মুখে পড়তে হতে পারে।

ট্রেনের নিয়মকানুন   ট্রেনের নিয়মকানুন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Jun 2026,
  • अपडेटेड 3:48 PM IST

ভারতীয় রেলে প্রতিদিন প্রায় ১৩,০০০ ট্রেন চলাচল করে, যেখানে রোজ যাতায়াত করেন ২ কোটিরও বেশি মানুষ। কিন্তু আশ্চর্যের বিষয় হল, বেশিরভাগ যাত্রীই জানেন না যে ট্রেনে বিনা ভাড়ায় ঠিক কতটা মালপত্র বহন করা যায়। আবার অনেকের অজানা, কোন কোন জিনিস নিয়ে ট্রেনে যাতায়াত করলে, কড়া শাস্তি হতে পারে। ২০২৬ সালের পরিবর্তিত নিয়মে এখন লাগেজ পলিসি নিয়ে রীতিমতো কড়াকড়ি শুরু করেছে রেল কর্তৃপক্ষ। 

আপনার কাছে কনফার্মড টিকিট থাকার অর্থ এই নয় যে, আপনি নিজের ইচ্ছে মতো যত খুশি লাগেজ নিয়ে ট্রেনে উঠতে পারবেন। রেলের নতুন নিয়ম অনুযায়ী, আপনি কোন ক্লাসে যাত্রা করছেন তার ওপর ভিত্তি করেই এই 'ফ্রি লাগেজ অ্যালাউন্স' (Free luggage allowance) বা বিনা ভাড়ায় মালপত্র বহনের সীমা নির্ধারণ করা হয়েছে। এর চেয়ে বেশি মালপত্র থাকলে আপনাকে অতিরিক্ত মাশুল গুনতে হবে, অথবা কড়া জরিমানার মুখে পড়তে হতে পারে।

কোন ক্লাসে কতটুকু লাগেজ নেওয়া যাবে?

ট্রেনের ক্লাস অনুযায়ী বিনা ভাড়ায় এবং অতিরিক্ত মাশুল দিয়ে সর্বোচ্চ কত ওজনের মালপত্র নেওয়া যাবে, তার তালিকা নিচে দেওয়া হল:

এসি ফার্স্ট ক্লাস (1AC): এই ক্লাসে যাত্রীরা বিনা ভাড়ায় সর্বাধিক ৭০ কেজি পর্যন্ত লাগেজ সঙ্গে রাখতে পারবেন। তবে অতিরিক্ত মাশুল দিলে সর্বোচ্চ ১৫০ কেজি পর্যন্ত মালপত্র বহনের সুযোগ রয়েছে।

ফার্স্ট ক্লাস / এসি টু-টায়ার (2AC): এই ক্লাসের যাত্রীদের জন্য বিনা ভাড়ায় ৫০ কেজি পর্যন্ত মালপত্র বহনের ছাড় রয়েছে। অতিরিক্ত মাশুল দিয়ে সর্বোচ্চ ১০০ কেজি পর্যন্ত জিনিসপত্র নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে।

এসি থ্রি-টায়ার (3AC) / এসি চেয়ার কার: এই কোচের ক্ষেত্রে বিনা ভাড়ায় সর্বোচ্চ ৪০ কেজি লাগেজ নেওয়া যাবে এবং মনে রাখবেন, এই ৪০ কেজিই হল সর্বোচ্চ সীমা।

স্লিপার ক্লাস (SL): সাধারণ স্লিপার ক্লাসের যাত্রীরা বিনা ভাড়ায় ৪০ কেজি পর্যন্ত মালপত্র নিতে পারবেন। তবে প্রয়োজন হলে অতিরিক্ত মাশুল দিয়ে সর্বোচ্চ ৮০ কেজি পর্যন্ত লাগেজ নেওয়া যাবে।

Advertisement

সেকেন্ড ক্লাস (2S): এই ক্লাসে বিনা ভাড়ায় ৩৫ কেজি পর্যন্ত এবং অতিরিক্ত মাশুল দিয়ে সর্বোচ্চ ৭০ কেজি পর্যন্ত মালপত্র বহন করা যাবে।

(উল্লেখ্য, ৫ থেকে ১২ বছরের শিশুদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের অনুমোদিত ওজনের অর্ধেক মালপত্র বিনা ভাড়ায় বহনের অনুমতি দেওয়া হয়, যার সর্বোচ্চ সীমা ৫০ কেজি।)

'মার্জিনাল অ্যালাউন্স' জিনিসটা কী?

ধরুন, আপনার ব্যাগের ওজন বিনামূল্যে অনুমোদিত সীমার চেয়ে সামান্য কয়েক কেজি বেশি। রেলের পরিভাষায় একে ‘মার্জিনাল বাফার’ বলা হয়। এই সীমার মধ্যে থাকলে আপনাকে সাধারণ লাগেজ ভাড়ার দেড় গুণ (১.৫ গুণ) বেশি দাম দিতে হবে। কিন্তু যদি আপনি অতিরিক্ত মালপত্র আগে থেকে বুক না করে ট্রেনে ওঠেন এবং চেকিংয়ে ধরা পড়েন, তবে সাধারণ ভাড়ার ৬ গুণ পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে!

ব্যাগের সাইজও কি মাপা হবে?

ওজন তো গেল! কিন্তু ব্যাগের আকারের দিকেও এখন কড়া নজর রাখছেন টিকিট কালেক্টর এবং স্টেশন কর্মীরা। ব্যাগ যদি খুব বড় হয়, তবে তা সিটের নিচে রাখা যায় না, ফলে যাতায়াতের রাস্তায় বাধা সৃষ্টি হয়।

স্লিপার এবং জেনারেল কোচ: ব্যাগের মাপ ১০০ সেমি x ৬০ সেমি x ২৫ সেমি (দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা)-এর মধ্যে হতে হবে।

এসি থ্রি-টায়ার এবং চেয়ার কার: এই কোচগুলিতে জায়গা কিছুটা কম থাকে। তাই ব্যাগের মাপ ৫৫ সেমি x ৪৫ সেমি x ২২.৫ সেমি-এর বেশি হওয়া চলবে না।

বড় সাইজের ব্যাগ: এর চেয়ে বড় আকারের কোনও পার্সেল বা বাক্স থাকলে তা সোজা পার্সেল ভ্যানে বুক করে দিতে হবে।

আসছে বিমানবন্দরের মতো স্ক্যানার

২০২৬ সালের শেষের দিক থেকে দেশের বড় স্টেশনগুলোতে বিমানবন্দরের মতো স্বয়ংক্রিয় স্ক্যানার বসানো হচ্ছে। প্ল্যাটফর্মে ঢোকার আগেই আপনার ব্যাগের ওজন এবং মাপ স্ক্যান করে ট্যাগ লাগানো হবে। আইআরসিটিসি (IRCTC)-এর এই নিয়ম অমান্য করে ভারী মালপত্র নিয়ে ঢোকা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। ১০০ কেজির বেশি মালপত্র থাকলে ডবল সারচার্জ দিতে হতে পারে।

কী কী জিনিস ট্রেনে নেওয়া একেবারে বারণ?

ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, যাত্রীদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বেশ কিছু জিনিস ট্রেনের কামরায় বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষিদ্ধ জিনিসের তালিকায় রয়েছে:

আপত্তিকর বা দুর্গন্ধযুক্ত সামগ্রী: এমন কোনও জিনিস যা থেকে দুর্গন্ধ ছড়ায় বা যা অন্য যাত্রীদের অস্বস্তির কারণ হতে পারে।

বিস্ফোরক ও দাহ্য পদার্থ: যে কোনও ধরনের বিস্ফোরক, সহজে আগুন ধরে যায় এমন দাহ্য বা বিপজ্জনক সামগ্রী।

খালি গ্যাসের সিলিন্ডার: ভর্তি তো দূর, এমনকী খালি গ্যাসের সিলিন্ডার নিয়েও যাত্রীবাহী কোচে ওঠা বেআইনি।

মৃত হাঁস-মুরগি ও বন্যপ্রাণী: মৃত পোলট্রির মুরগি, হাঁস কিংবা শিকার করা পশু-পাখির মাংস (Game)।

ক্ষতিকারক রাসায়নিক: অ্যাসিড এবং যে কোনও ধরনের ক্ষয়কারক বা মারাত্মক রাসায়নিক পদার্থ।

পোষ্য নিয়ে যাত্রার ক্ষেত্রে কড়া নিয়ম

আপনি কি সাধের পোষ্যটিকে নিয়ে ট্রেন সফরের কথা ভাবছেন? তাহলে জেনে রাখা ভালো, এসি স্লিপার, এসি চেয়ার কার, সাধারণ স্লিপার ক্লাস বা সেকেন্ড ক্লাস কোচে কুকুর নিয়ে যাতায়াত করা সম্পূর্ণ নিষিদ্ধ।

যদি নিয়ম অমান্য করে কেউ এই নির্দিষ্ট কোচগুলিতে কুকুর নিয়ে ওঠেন এবং রেলকর্মীদের চোখে পড়েন, তবে তৎক্ষণাৎ কুকুরটিকে ট্রেনের ব্রেক-ভ্যানে (লাগেজ ভ্যানে) স্থানান্তরিত করা হবে। শুধু তাই নয়, নিয়ম ভাঙার অপরাধে যাত্রীকে সাধারণ লাগেজ ভাড়ার ৬ গুণ অর্থ জরিমানা হিসেবে গুনতে হবে। এক্ষেত্রে জরিমানার ন্যূনতম পরিমাণ হল ৫০ টাকা।

ব্যবসায়িক সামগ্রী বহনের নিয়ম

অনেকেই ব্যবসার বিপুল মালপত্র ট্রেনের সাধারণ কামরায় নিজেদের সঙ্গে নিয়ে ওঠার চেষ্টা করেন। কিন্তু রেলের নিয়ম স্পষ্ট জানাচ্ছে, বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া সাধারণ পণ্য বা ব্যবসার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণের ভারী সামগ্রী কোনোভাবেই যাত্রীদের ব্যক্তিগত লাগেজ হিসেবে বিবেচনা করা হবে না। এই ধরনের ব্যবসায়িক জিনিসপত্র আগে থেকে নির্দিষ্ট নিয়ম মেনে পার্সেল হিসেবে বুক করা বাধ্যতামূলক।

Advertisement

অতিরিক্ত মালপত্র থাকলে কী করবেন?

স্টেশনে গিয়ে টিটি-র কাছে ধরা পড়ে জরিমানা দেওয়ার চেয়ে, আগে থেকেই লাগেজ বুক করা বুদ্ধিমানের কাজ।

টিকিট কাটার সময়: অনলাইনে বা কাউন্টারে টিকিট কাটার সময়ই আপনি আপনার অতিরিক্ত লাগেজ বুক করে নিতে পারেন।

স্টেশনের লাগেজ অফিসে: ট্রেন ছাড়ার অন্তত ৩০ মিনিট আগে স্টেশনের পার্সেল কাউন্টারে গিয়ে অতিরিক্ত মালপত্র বুক করা যায়। এর জন্য ন্যূনতম চার্জ ৩০ টাকা। ব্যাগের ওপর প্রেরকের নাম ও ঠিকানা হিন্দি বা ইংরেজিতে স্পষ্ট করে লেখা থাকতে হবে।

অতিরিক্ত লাগেজ নিয়ে ট্রেন সফর শুধু নিজের জন্য নয়, সহযাত্রীদের জন্যও অস্বস্তিকর। স্টেশনে গিয়ে বিনা কারণে হয়রানি বা জরিমানা এড়াতে বাড়ি থেকে বেরনোর আগেই ব্যাগের ওজন মেপে নিন। জেনে, বুঝে নিয়ম মেনে সফর করুন, যাত্রা নিশ্চিন্ত হোক!

 

Read more!
Advertisement
Advertisement