
হাইওয়ে, মেইন রোডে টোটো চলাচল নিয়ে এবার কড়া হচ্ছে রাজ্যের পরিবহণ দফতর। এতদিন নিয়ম থাকলেও, তা কার্যকর সঠিক ভাবে হচ্ছিল না বলে অভিযোগ। এবার সেই মর্মে কড়া হাতে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিল পরিবহণ দফতর। নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে, হাইওয়ে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় ই-রিকশা বা টোটো চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করতে হবে।
শনিবার পুলিশকে পাঠানো একটি চিঠিতে পরিবহণ দফতরের প্রধান সচিব রবি ইন্দর সিং জানিয়েছেন, ই-রিকশা মূলত ‘লাস্ট-মাইল কানেক্টিভিটি’ বা যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যের কাছাকাছি পৌঁছে দেওয়ার পরিষেবার জন্য ব্যবহারের কথা। বর্তমান নির্দেশিকা অনুযায়ীও, গুরুত্বপূর্ণ রাস্তায় ই-রিকশা চলাচল নিষিদ্ধ।
পরিবহণ দফতর জানিয়েছে, নির্ধারিত নির্দেশিকা লঙ্ঘন করে ন্যাশনাল হাইওয়ে, রাজ্য সড়ক এবং অন্য গুরুত্বপূর্ণ রাস্তায় ই-রিকশা চলাচল নিয়ে একাধিক অভিযোগ এসেছে। এর ফলে যানজট তৈরি হচ্ছে এবং পথ নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।
পরিবহণ দফতর জানিয়েছে, ২০১৬ সালের ২৮ জুলাই রাজ্য সরকারের জারি করা একটি মেমোরেন্ডাম অনুযায়ী, ই-রিকশা শুধুমাত্র নির্দিষ্ট স্থানীয় রাস্তায় চলাচল করতে পারে। বিশেষ অনুমতি না থাকলে ন্যাশনাল হাইওয়ে, রাজ্য সড়ক এবং অন্য গুরুত্বপূর্ণ রাস্তায় ই-রিকশা চালানো নিষিদ্ধ।
চিঠিতে বলা হয়েছে, অধস্তন সমস্ত আধিকারিককে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে বিষয়টি কার্যকর করতে হবে। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে মোটর ভেহিকেলস অ্যাক্ট, ১৯৮৮ এবং তার আওতায় তৈরি নিয়ম অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া যেতে পারে।
পরিবহণ দফতর পুলিশকে বিষয়টি জরুরি ভিত্তিতে দেখার অনুরোধ করেছে বলে জানিয়েছেন এক সিনিয়র আধিকারিক। তবে রাজ্যের বিভিন্ন শহর ও গ্রামে কতগুলি ই-রিকশা চলছে, সেই সংক্রান্ত কোনও তথ্য পরিবহণ দফতরের কাছে নেই। ওই আধিকারিকের দাবি, সংখ্যাটি কয়েক হাজার হতে পারে।