
TVS M1-S Electric Scooter: বিদেশের বাজারে ইলেকট্রিক স্কুটারের ব্যবসা আরও বাড়াতে চাইছে TVS। সেই লক্ষ্যেই EICMA 2026-এ সামনে এল সংস্থার নতুন ম্যাক্সি-স্টাইল ইলেকট্রিক স্কুটার M1-S-এর প্রোডাকশন মডেল। নজরকাড়া নকশার পাশাপাশি এতে রয়েছে আধুনিক প্রযুক্তি ও একাধিক প্রিমিয়াম ফিচার। তবে আপাতত ইউরোপের বাজারই এই স্কুটারের প্রধান লক্ষ্য। ভারতে কবে এটি আসবে, তা এখনও কনফার্ম করেনি সংস্থা।
প্রথম দেখাতেই নজর কাড়বে TVS M1-S-এর ডিজাইন। সামনের দিকে বড় উইন্ডস্ক্রিন, ধারালো বডি প্যানেল এবং আকর্ষণীয় লাইটিং রয়েছে। প্রদর্শিত মডেলটিতে সাদা ও কালো রঙের মিশ্রণ দেখা গিয়েছে। চাকার কমলা রং স্কুটারটির চেহারায় আলাদা মাত্রা যোগ করেছে। সিটটি একটানা হলেও পিছনের অংশ কিছুটা উঁচু। সঙ্গে রয়েছে লাগেজ রাখার র্যাক ও টপ বক্সের ব্যবস্থা। এগুলি অতিরিক্ত অ্যাকসেসরিজ হিসাবে পাওয়া যেতে পারে।
ব্যাটারি ও পারফরম্যান্স কেমন?
M1-S-এ রয়েছে ৪.২ কিলোওয়াট আওয়ারের NMC লিথিয়াম-আয়ন ব্যাটারি। ইউরোপের WMTC পরীক্ষার নিয়ম অনুযায়ী, এক চার্জে প্রায় ১২০ কিলোমিটার চলতে পারবে স্কুটারটি। এতে স্থায়ী চুম্বকযুক্ত সিঙ্ক্রোনাস মোটর ব্যবহার করা হয়েছে। সর্বোচ্চ ক্ষমতা ১২.৫ কিলোওয়াট বা প্রায় ১৭ পিএস। সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০৫ কিলোমিটার।
১.৮ কিলোওয়াটের অনবোর্ড চার্জার দিয়ে ১০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগবে প্রায় ৭৫ মিনিট। সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে দু’টি শক অ্যাবজ়র্বার রয়েছে। দুই চাকাতেই ১৪ ইঞ্চির চাকা, ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে।
ফিচার্স
স্কুটারের সিট হাইট ৮০০ মিলিমিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭০ মিলিমিটার। ওজন ১৫০ কেজি। সিটের নীচে ২৬ লিটারের স্টোরেজ রয়েছে। সামনে গ্লাভবক্সও মিলবে।
প্রযুক্তির দিক থেকেও পিছিয়ে নেই M1-S। রয়েছে ৭ ইঞ্চির TFT ডিসপ্লে, ব্লুটুথ, ওয়াই-ফাই এবং LTE কানেক্টিভিটি। সঙ্গে ক্রুজ় কন্ট্রোল, টায়ার প্রেশার মনিটরিং, USB চার্জিং, অ্যাপের মাধ্যমে সিট খোলা এবং Find My Bike ফিচার।
ভারতের বাজারে দাম বা লঞ্চের সময় এখনও জানা যায়নি। সম্ভবত বিদেশের বাজারেই আগে এই স্কুটার রিলিজ হবে।