
ভারতের মোটরসাইকেলের বাজারে একের পর এক পুরনো মডেলের বিদায়। এবার সেই তালিকায় TVS Star City Plus। প্রায় ১২ বছরের রাজত্বের ইতি। আর এই মডেল বিক্রি করবে না সংস্থা। ইতিমধ্যেই TVS-এর সরকারি ওয়েবসাইট থেকে মডেলটি সরিয়ে দেওয়া হয়েছে। এক সময়ে কম দাম, ভাল মাইলেজ এবং কম মেনটেনেন্স কস্টের জন্য এই বাইক বেশ জনপ্রিয় ছিল। এমনকি Hero Splendor-এর সঙ্গে সরাসরি টক্কর দিত Star City Plus। তাহলে হঠাৎ এই মডেলের বিক্রি কেন বন্ধ হল?
Star City Plus কেন বন্ধ হল?
২০১৪ সালে TVS Star City Plus প্রথম ভারতের বাজারে এসেছিল। সংস্থার ১১০ সিসি কমিউটার বাইকগুলির মধ্যে অন্যতম সস্তার মডেল ছিল এটি। মূলত যাঁরা প্রতিদিন অফিস বা কাজের জন্য বাইক ব্যবহার করেন, তাঁদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছিল এই মোটরসাইকেল।
তবে গত কয়েক বছরে বাইকটির চাহিদা কিছুটা কমতে শুরু করে। দীর্ঘদিন ধরে ডিজাইন বা প্রযুক্তিতেও বড় কোনও পরিবর্তন আনেনি সংস্থা। প্রায় পাঁচ বছর আগে শেষ বড় আপডেট পেয়েছিল মডেলটি। সেই সময় BS6 নির্গমন বিধি মেনে ইঞ্জিনে পরিবর্তন আনা হয়েছিল।
অন্য দিকে, TVS-এর নিজস্ব বাইক Radeon-এর সঙ্গে Star City Plus-এর বৈশিষ্ট্যের বেশ কিছু মিল ছিল। ফলে একই ধরনের দু’টি মডেল বাজারে রাখার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। এই সব কারণেই বাইকটির উৎপাদন ও বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে সংস্থার তরফে বন্ধ করার নির্দিষ্ট কারণ আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি। উল্লেখ্য, Star City Plus বন্ধ হলেও TVS Radeon এবং Sport-এর বিক্রি চলবে।
ইঞ্জিন ও ফিচার্স
TVS Star City Plus-এ ছিল ১০৯.৭ সিসির সিঙ্গল সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৮.২ বিএইচপি শক্তি এবং ৮.৭ এনএম টর্ক পাওয়া যেত। সঙ্গে ছিল চার গতির গিয়ারবক্স।
সাধারণ কমিউটার বাইক হলেও ফিচারের দিক থেকে খুব পিছিয়ে ছিল না মডেলটি। এতে ছিল LED হেডল্যাম্প, USB চার্জিং পোর্ট এবং সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। পিছনের সাসপেনশনে ছিল পাঁচ ধাপে প্রিলোড অ্যাডজাস্ট করার সুবিধা। অর্থাৎ, যাত্রী বা রাস্তার পরিস্থিতি অনুযায়ী সাসপেনশন সেটিং বদলে নেওয়া যেত। বাজারে শেষ পাওয়া তথ্য অনুযায়ী, বাইকটির এক্স-শোরুম দাম ছিল প্রায় ৭২ হাজার টাকা।
স্প্লেন্ডারকে টক্কর দিত
২০১৪ সালে যখন প্রথম বাজারে এসেছিল Star City Plus, তখন এর প্রারম্ভিক দাম ছিল মাত্র ৪৪ হাজার টাকা। কম দাম, ভাল মাইলেজ এবং কম রক্ষণাবেক্ষণের খরচের কারণে দ্রুত নজর কেড়েছিল বাইকটি। সেই সময় Hero Splendor-এর অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল TVS-এর এই মডেল। তবে সময়ের সঙ্গে প্রতিযোগিতা বেড়েছে। নতুন মডেল এবং উন্নত প্রযুক্তির বাইকের ভিড়ে ধীরে ধীরে পিছিয়ে পড়েছে Star City Plus। শেষ পর্যন্ত প্রায় এক দশকেরও বেশি সময়ের পথচলায় ইতি হল এই বাইকের।