
অনেকেরই অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন স্টেটাস আন্ডার ইনকোয়ারি হয়ে রয়েছে। তাঁদের অ্যাকাউন্টে এখনও ঢেকেনি ৩ হাজার টাকা। এমন পরিস্থিতিতে তাঁরা বেশ চিন্তিত। তাঁরা ভাবছেন, আদৌ টাকা ঢুকবে তো? নাকি বাতিল হয়ে যাবে অ্যাপ্লিকেশন? আর সেই উত্তরটা দিয়েছে রাজ্যের শাসকদল বিজেপি। তারা স্পষ্ট জানিয়েছে, অন্নপূর্ণা যোজনার প্রাপ্য টাকা নিয়ে চিন্তার কিছু নেই। যোগ্যরা ঠিক টাকা পেয়ে যাবে।
কী বলছে বিজেপি?
অন্নপূর্ণা যোজনার টাকা অনেক মহিলাই পাননি। আর সেই খবর ইতিমধ্যেই গেরুয়া বাহিনীর কাছে পৌঁছে গিয়েছে। এমনকী দলের উপর মহলও এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহল। এমন পরিস্থিতিতে দলীয় পর্যায়ে ক্রাইসিস ম্যানেজমেন্টে নেমে পড়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অস্থায়ী বাসভবনে এই বিষয়টা নিয়ে বৈঠক করে ফেলেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার বলে খবর মিলছে। সূত্রের দাবি, ওই বৈঠকে স্থির হয়েছে, অন্নপূর্ণা যোজনা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ কাটাতে হবে। এক্ষেত্রে বিশেষ দায়িত্ব নিতে হবে দলের নেতা ও কর্মীদের।
আন্ডার ইনকোয়ারি থাকলে টাকা মিলবে?
সূত্রের খবর, এই বিষয়টা নিয়েও বার্তা দেওয়া হয়েছে ওই মিটিংয়ে। দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, বহু ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার কাজ এখনও চলছে। কিছু পদ্ধতিগত সমস্যা রয়েছে। সেটা মিটে গেলেই অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা দেওয়া হবে।
আর এহেন বার্তা এলাকার মহিলাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব গিয়েছে নেতা ও কর্মীদের উপরই। জেলা সভাপতিরা এই কাজে নজর রাখবেন বলেও জানা গিয়েছে। শীর্ষ নেতৃত্বের স্পষ্ট নির্দেশ, কোনওভাবেই যোগ্য মহিলাদের প্রকল্প থেকে বাদ দেওয়া যাবে না।
ভেরিফিকেশন চলছে
এখনও অনেক মহিলার অন্নপূর্ণা যোজনার স্টেটাস আন্ডার ইনকোয়ারি হয়ে রয়েছে। চলছে ভেরিফিকেশনের কাজ। প্রয়োজনে আবেদনকারীর বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে। যাচাই চলছে নথি। যার ফলে গোটা প্রক্রিয়া মেটাতে কিছুটা সময় লাগছে বলে দাবি করা হচ্ছে প্রশাসনের তরফে।
যদিও এত আশ্বাসের পরও মহিলাদের মধ্যে আশঙ্কা যাচ্ছে না। যতদিন না টাকা ঢুকছে, ততদিন তাঁদের মাথায় চিন্তা ঘুরছে। এখন দেখার ঠিক কবে মেলে এই টাকা।
কারা টাকা পাবেন?
প্রশাসনের তরফে জানান হয়েছে, যাঁদের তথ্যে কোনও ভুলভ্রান্তি নেই, যাঁরা টাকা পাওয়ার যোগ্য, তাঁরা সবাই পেয়ে যাবেন। এখন ভেরিফিকেশন চলছে। সেই প্রক্রিয়া মিটে গেলেই ধীরে ধীরে ব্যাঙ্কে ঢুকতে থাকবে টাকা।