
উত্তর পূর্ব ভারতের সঙ্গে আরও নিবিড় ভাবে যুক্ত হচ্ছে বাংলা। আরও নির্দিষ্ট ভাবে বলা যায়, উত্তরবঙ্গের সঙ্গে আরও কানেক্টিভিটি বাড়ছে উত্তর পূর্ব ভারতের। কারণ, এবার শিলিগুড়ি একটি সড়কপথেই যুক্ত হতে চলেছে গুয়াহাটি, শিলং এবং শিলচরের সঙ্গে। কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি এই ঘোষণা করেছেন।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ৬১,৫০০ কোটি টাকা ব্যয়ে ৬৩০ কিলোমিটার দীর্ঘ একটি হাইওয়ে করিডর তৈরির পরিকল্পনা করা হচ্ছে। যেটি শিলিগুড়ি-গুয়াহাটি হয়ে শিলং এবং শিলচরকেও যুক্ত করবে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, প্রথম ধাপে শিলিগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত এই হাইওয়ে করিডরের দৈর্ঘ্য হতে চলেছে ৪০০ কিমি। শুধুমাত্র এই অংশের জন্যই খরচ হতে পারে প্রায় ৩০ হাজার কোটি টাকা। বর্তমানে এর নকশা অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানা গিয়েছে।
এর দ্বিতীয় ধাপটি হবে গুয়াহাটি থেকে শিলং-এর মধ্যে। এই গ্রিনফিল্ড সড়কটি বর্তমান ১০০ কিমি দূরত্বকেই ৬৬ কিমিতে নিয়ে আসবে বলে জানা যাচ্ছে। শেষ ও তৃতীয় ধাপ হবে শিলং থেকে শিলচর পর্যন্ত। যেটি হবে ১৬৫ কিলোমিটার দীর্ঘ একটি গ্রিনফিল্ড হাইওয়ে।
এই প্রজেক্ট নিঃসন্দেহে গোটা উত্তরবঙ্গের সড়ক পরিবহন ব্যবস্থারও ব্যাপক উন্নতি ঘটাবে। বিজেপি সাংসদ রাজু বিস্তা কেন্দ্রের এই প্রজেক্টের ভূয়সী প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় বলেন, "এটি উত্তরবঙ্গ এবং সমগ্র উত্তর-পূর্ব অঞ্চলের জন্য একটি যুগান্তকারী পরিকাঠামোগত উদ্যোগ, যা যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি, অর্থনৈতিক বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
তিনি জানান, "শিলিগুড়ি করিডর অর্থাৎ 'চিকেন নেক' অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও ইউপিএ-টিএমসি আমলে অবহেলিত ছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জমানায় সেই অবস্থার পরিবর্তন ঘটেছে।
সোশ্য়াল মিডিয়ায় রাজু বিস্তা বলেন, "উন্নত হাইওয়ে মানে পণ্যের দ্রুততর চলাচল, শিক্ষার্থী ও রোগীদের জন্য সহজতর যাতায়াত, পর্যটক ও ভ্রমণকারীদের জন্য বেশি সুবিধা এবং বাণিজ্য, শিল্প ও বিনিয়োগের উন্নত সুযোগ। শক্তিশালী লজিস্টিক সাপোর্ট এবং উন্নত সংযোগ পর্যটন, বাণিজ্য ও ভ্রমণকে ব্যাপকভাবে উৎসাহিত করবে। পাশাপাশি এটি উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্বাঞ্চলের যুবকদের জন্য লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থান এবং জীবিকার সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে।"
বর্তমানে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক সংযোগপথ রয়েছে শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’। ফলে ৬৩০ কিমি দীর্ঘ এই মেগা হাইওয়ে করিডর তৈরি হলে বা তার প্রথম ধাপ হিসেবে শিলিগুড়ি-গুয়াহাটি সংযোগ গড়ে উঠলেও তা উত্তর-পূর্ব ভারত ও উত্তরবঙ্গের মধ্যে বৃহত্তর আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচিত হবে। এই হাইওয়েটি শিলিগুড়ি করিডোরের পার্শ্ববর্তী অংশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে।
শুধুমাত্র শিলিগুড়ি-শিলচর নয়, গোরক্ষপুর ও শিলিগুড়ির মধ্যেও একটি এক্সপ্রেসওয়ে তৈরির ঘোষণা করেছে কেন্দ্র। উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ এই তিন রাজ্যকে যুক্ত করবে এই এক্সপ্রেসওয়েটি। ৫১৯ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা করতেও খরচ হবে প্রায় ৩২ হাজার কোটি টাকা। উত্তরপ্রদেশ ও বিহারে এই এক্সপ্রেসওয়ের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে।