Advertisement

এবার UPI দিয়ে তুলতে পারবেন আপনার PF এর টাকা, কবে থেকে শুরু হচ্ছে?

এই পরিষেবা চালুর কাজ অবশ্য বেশ কিছু দিন ধরেই চলছে। ২০২৫ সালের ২৮ মার্চ ইপিএফওর এগজিকিউটিভ কমিটির বৈঠকে ইউপিআই দিয়ে পিএম ক্লেম নিষ্পত্তির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। তার পরের দিন, ২৯ মার্চ শ্রমমন্ত্রকের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর এই উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করেছে কমিটি।

ইউপিআই দিয়ে পিএফের টাকা।ইউপিআই দিয়ে পিএফের টাকা।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Nov 2026,
  • अपडेटेड 7:44 PM IST
  • ইউপিআই দিয়ে তোলা যাবে পিএফের টাকা।
  • ই পরিষেবা চালু হলে পিএফের টাকা তোলার প্রক্রিয়া সহজ হবে।

এত দিন ফোনে ইউপিআইয়ের মাধ্যমে কাউকে টাকা পাঠানো, বিল মেটানো বা অনলাইন কেনাকাটার দাম দেওয়া যেত। এবার সেই UPI ব্যবহার করেই তোলা যেতে পারে পিএফের টাকা। অর্থাৎ জরুরি প্রয়োজনে নিজের জমানো টাকা তুলতে আর দীর্ঘ অনলাইন ক্লেম প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে না। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়ার জন্য অপেক্ষারও অবসান। এমনই পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (EPFO)। ইতিমধ্যেই এই ব্যবস্থার পরীক্ষামূলক প্রয়োগও হয়েছে। কবে চালু হচ্ছে এই পরিষেবা?

একটি সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি, ভীম (BHIM) অ্যাপের মাধ্যমে ইউপিআই ব্যবহার করে পিএফের টাকা তোলার পরিষেবা তৈরি করেছে ইপিএফও। প্রাথমিকভাবে এই লেনদেনের ন্যূনতম সীমা ১০০০ টাকা রাখার কথা ভাবা হচ্ছে। অর্থাৎ UPI দিয়ে অন্তত ১,০০০ টাকা তোলার সুযোগ। বার বার অল্প অঙ্কের টাকা তোলার জন্য যাতে কর্মীরা ক্লেম না করেন এবং লেনদেন প্রক্রিয়া সামলাতে ইপিএফওর উপর অতিরিক্ত চাপ না পড়ে, সে কারণেই এই সীমা রাখার কথা ভাবা হচ্ছে।

এই পরিষেবার প্রযুক্তিগত পরিকাঠামো ইতিমধ্যেই তৈরি। দু'দফায় পরীক্ষাও সারা। পরীক্ষার সময়ে যে সমস্ত ত্রুটি সামনে এসেছিল, সেগুলিও সংশোধন করা হয়েছে। একটি ক্লাউড ইউজার গ্রুপের সঙ্গে সরাসরি পরীক্ষামূলক লেনদেনের মাধ্যমে ১০২টি পিএফ ক্লেম নিষ্পত্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।  ৪ লক্ষ ৯৭ হাজার উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে টাকা। তবে এখনও প্রযুক্তিগত সমস্যা রয়েছে বলে সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি। সেগুলির সমাধান হওয়ার পরেই নতুন পরিষেবা চালু করা সম্ভব হবে।

ইউপিআই দিয়ে কবে পিএফের টাকা?

এখন আসল প্রশ্নটা হল, কবে থেকে ইউপিআই দিয়ে পিএফের টাকা তোলা যাবে? সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরের শেষে এই পরিষেবা চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত ইপিএফও বা শ্রমমন্ত্রকের তরফে পরিষেবা চালুর নির্দিষ্ট দিনক্ষণ নিয়ে কোনও সরকারি ঘোষণা করা হয়নি।

Advertisement

পুরো টাকা কি তোলা যাবে?

তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। ইউপিআই দিয়ে পিএফের টাকা তোলার অর্থ এই নয় যে অ্যাকাউন্টে জমা থাকা পুরো টাকা যখন খুশি তুলে নেওয়া যাবে। এই ব্যবস্থাতেও পিএফ তোলার ক্ষেত্রে বর্তমানে যে নিয়ম এবং যোগ্যতার শর্ত রয়েছে, সেগুলিই থাকবে। অর্থাৎ নিয়ম অনুযায়ী যত টাকা তোলার অনুমতি রয়েছে, কেবল সেই পরিমাণ টাকার জন্যই ক্লেম করা যাবে। অনুমোদিত ক্লেমের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্রুত পৌঁছে দেওয়ার মাধ্যম হিসাবেই ব্যবহার করা হবে ইউপিআইকে।

পুরো ব্যবস্থাটি তৈরি করার ক্ষেত্রে ইপিএফওর প্রযুক্তিগত সহযোগী সংস্থা সিড্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই পরিষেবার জন্য প্রয়োজনীয় API তৈরি করেছে তারা। পাশাপাশি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এবং ভীম অ্যাপের সঙ্গে গোটা ব্যবস্থাটিকে যুক্ত করার কাজও করেছে সিড্যাক। পরীক্ষামূলক লেনদেনের সময় এই সংস্থাগুলিও অংশ নিয়েছিল।

তবে এটা বলাই যায়, ডিসেম্বরের শেষে এই পরিষেবা চালু হলে পিএফের টাকা তোলার প্রক্রিয়া আগের তুলনায় অনেক সহজ ও দ্রুত হতে পারে। তবে পরিষেবা চালুর নির্দিষ্ট তারিখ এবং চূড়ান্ত নিয়মাবলি জানতে ইপিএফওর সরকারি ঘোষণার অপেক্ষা করতে হবে।

TAGS:
Read more!
Advertisement
Advertisement