
দেশে UPI-তে ফ্রি-এর যুগের অবসান। এবার চার্জ বসল UPI-তে । সরকারের তরফে ইতিমধ্যেই এই সংক্রান্ত ঘোষণা করে দেওয়া হয়েছে। পুজোর আগেই এই চার্জ বসছে। তবে সাধারণ মানুষ নয়। MDR ফি হিসেবে এই চার্জ দিতে হবে ব্যবসায়ীদের। তবে সৌভাগ্যের বিষয় হল, সব ব্যবসায়ী নয়, সর্বসাকুল্যে প্রাথমিক হিসেব বলছে, কেবলমাত্র ৪ শতাংশ ব্যবসায়ীকে এই চার্জ দিতে হতে পারে। তবে এক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে।
কেন্দ্রীয় সরকার এবং ইউপিআই গভর্নিং কাউন্সিল, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট ২০০৭-এর আওতায় এই নতুন ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) কাঠামো চালু করেছে। এই নয়া নিয়মে UPI ব্যবহারকারী দু'জন সাধারণ মানুষ (P2P) লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে হবে। এছাড়াও, মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রেও ২,০০০ টাকা পর্যন্ত কোনও চার্জ দিতে হবে না। বিশেষজ্ঞদের দাবি, এরফলে প্রায় ৯৬ শতাংশ লেনদেনেই কোনও চার্জ দিতে হবে না।
কবে থেকে এই চার্জ বসছে?
কেন্দ্রের তরফে জানানো হয়েছে আগামী ১৫ অক্টোবর, ২০২৬ থেকেই এই চার্জ বসছে। অর্থাৎ ঠিক এক মাস পর থেকে।
কত টাকা দিতে হবে?
২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ব্যবসায়িক পেমেন্টের জন্য MDR ফি হতে চলেছে ৫ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে। ২০০০ টাকার বেশি সাধারণ মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে MDR ফি বসতে চলেছে ০.৪ (0.4%) শতাংশ। তবে এক্ষেত্রে ফি-এর উপর ক্যাপ বসানো হয়েছে। MDR ফি কখনই ৩০০ টাকার বেশি হবে না। অর্থাৎ ৭৫ হাজার টাকা পর্যন্ত মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে ০.৪ শতাংশ হল, ৩০০ টাকা। এর বেশি অঙ্কের পেমেন্টের ক্ষেত্রেও এই ৩০০ টাকাই সর্বোচ্চ দিতে হবে।
কিছু ক্ষেত্রে MDR চার্জে ছাড় দেওয়া হয়েছে
অত্যাবশ্যকীয় এবং স্বল্প-লাভজনক খাতগুলোকে স্বস্তি দিতে, যেমন রেল, জ্বালানি এবং কৃষির মতো ক্ষেত্রগুলোর জন্য MDR Rate-এ ছাড় দেওয়া হয়েছে। যেমন, রেল, টেলি যোগাযোগ, বিমা, জ্বালানি এবং কৃষি উপকরণ সংক্রান্ত ক্ষেত্রে ২০০০ টাকার বেশি মার্চেন্ট পেমেন্টে প্রতি লেনদেনে মাত্র ৫ টাকা নির্দিষ্ট পেমেন্ট দিতে হবে ব্যবসায়ীকে।
এছাড়াও, মিউচুয়াল ফান্ড, সিকিউরিটিজ, স্টক ব্রোকার এবং ডিলারদের ক্ষেত্রে MDR চার্জ নির্ধারণ করা হয়েছে ০.০২ শতাংশ। যা প্রতি লেনদেনে সর্বোচ্চ ₹৩০০ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।
গ্রাহকদের পকেট থেকে কোনও এমডিআর (MDR) কাটা হবে না
সরকার জানিয়েছে এটা কোনও রকম কর নয়। এটি মার্চেন্ট পেমেন্ট সিস্টেমের পরিচালনা ও সম্প্রসারণের জন্য ইকোসিস্টেমের মধ্যে ভাগ করে নেওয়া একটি ফি। এই ফি ব্যাঙ্ক ও পেমেন্ট সিস্টেমগুলি ভাগ করে নেবে।