
দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে UPI পেমেন্টের বহর। বর্তমানে এই পেমেন্ট মাধ্যমই দেশে ডিজিটাল পেমেন্টের সবচেয়ে বহুল ব্যবহৃত পদ্ধতি হিসেবে উঠে আসছে। চলতি বছরের জুন মাসের পরিসংখ্যান বলছে, ওই মাসে দেশে মোট ২২.৭২ বিলিয়ন লেনদেন হয়েছে। এই লেনদেনের ফলে মোট ট্রান্সফার হয়েছে ২৮.৯২ লক্ষ কোটি টাকা।
বর্তমানে মোবাইল থেকে UPI পেমেন্ট করতে হলে কিউআর কোড স্ক্যান করতে হয়, অথবা মোবাইল নম্বর বা UPI ID-এর মাধ্যমেও পেমেন্ট করা যায়। এই সবকটি ক্ষেত্রেই ইন্টারনেট থাকা জরুরি। তবে এবার নয়া পদ্ধতির চিন্তা-ভাবনা করছে NPCI। নতুন পদ্ধতিতে দোকানের POS মেশিনে মোবাইল ফোন ট্যাপ করেই পেমেন্ট করতে পারবেন গ্রাহকেরা। ইন্টারনেট কানেকশন না থাকলেও এই পেমেন্ট করা যাবে। তবে শুধুমাত্র ফোন এবং Pos মেশিন উভয়টিতেই NFC প্রযুক্তি থাকতে হবে।
রিপোর্ট জানাচ্ছে, এই পদ্ধতিটি অনেকটা মেশিনে কন্ট্যাক্টলেস ক্রেডিট বা ডেবিট কার্ড ট্যাপ করে টাকা পেমেন্ট করার মতোই হবে। পাশাপাশি রিপোর্টে বলা হয়েছে, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) এই বছর বড় বড় সংস্থাগুলির কাছ থেকে পিওএস মেশিন অনুমোদন করার প্রক্রিয়া শুরু করতে পারে। তবে এই বিষয়টি নিয়ে NPCI এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি।
উল্লেখ্য, ২০২৩ সালে চালু হওয়া UPI লাইট এক্স-এর মাধ্যমে ইউপিআই-তে ইন্টারনেট ছাড়াও পেমেন্টের সুবিধা ইতিমধ্যেই রয়েছে। এই সুবিধার ফলে পেমেন্ট করার জন্য প্রেরক এবং প্রাপক উভয়েরই ইন্টারনেটের প্রয়োজন হবে না। জানা গিয়েছে এর মাধ্যমে সর্বোচ্চ ২০০০ টাকা পেমেন্ট করা যাবে।