
FD Interest Rate: ব্যাঙ্কে টাকা রেখে নিশ্চিত রিটার্ন। ঠিক এই কারণেই ফিক্সড ডিপোজিট(FD) এখনও এত জনপ্রিয়। বাজারে যতই মিউচুয়াল ফান্ড, SIP আসুক, Sure রিটার্নের জন্য এখনও বেশিরভাগ মানুষ ফিক্সড ডিপোজিটে ডিপেন্ড করেন। বিশেষত প্রবীণ নাগরিকদের জন্য এটি বেটার অপশন। তাঁদের পক্ষে বেশি ঝুঁকি নিয়ে অন্য় কোথাও বিনিয়োগ সম্ভব নয়। তাছাড়া ব্যাঙ্কে সিনিয়র সিটিজেনরা এক্সট্রা সুদও পেয়ে থাকেন। এই প্রতিবেদনে এমনই একটি ফিক্সড ডিপোজিট স্কিমের বিষয়ে জানতে পারবেন। শুধু সিনিয়র সিটিজেনই নয়। সাধারণ বয়সীরাও 8.10% ইন্টারেস্ট রেট পাবেন।
উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ৬৬৬ দিনের স্পেশাল FD
সাধারণ বয়সীরা ৮.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা সর্বোচ্চ ৮.২৫ শতাংশ বার্ষিক সুদ পাবেন। এই সুদের হার ৫ মে ২০২৬ থেকে লাগু হয়েছে। ৩ কোটি টাকার কম আমানতের ক্ষেত্রে প্রযোজ্য।
অর্থাৎ, সাধারণ FD-এর তুলনায় এই মেয়াদে তুলনামূলক বেশি সুদ। তবে FD করার আগে শুধু সুদের হার দেখলেই হবে না। মেয়াদ, আগাম টাকা তোলার নিয়ম, কর এবং আমানত বিমার বিষয়টিও মাথায় রাখতে হবে।
৬৬৬ দিনের FD-তে কত সুদ?
উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের বর্তমান সুদের হার অনুযায়ী, ৬৬৬ দিনের FD-তে সাধারণ গ্রাহকরা ৮.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৮.২৫ শতাংশ বার্ষিক সুদ পাচ্ছেন। অর্থাৎ, সিনিয়র সিটিজেনরা জন্য সাধারণ বয়সীদের তুলনায় ০.১৫ শতাংশ বা ১৫ বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন।
এই বিশেষ FD-র সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, ৬৬৬ দিনের জন্যই ব্যাঙ্কটি তার বর্তমান রেট কার্ডে সর্বোচ্চ ৮.১০ শতাংশ সাধারণ সুদ এবং ৮.২৫ শতাংশ সিনিয়র সিটিজেন সুদ রেখেছে। ৬৬৭ দিন থেকে ২ বছর পর্যন্ত অন্য মেয়াদে সুদের হার কমে ৭.২৫ শতাংশ এবং ৭.৭৫ শতাংশ হয়ে যাচ্ছে।
৫ লক্ষ টাকা রাখলে কত টাকা হবে?
এ বার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে। ধরুন, কোনও সিনিয়র সিটিজেন ৬৬৬ দিনের জন্য ৫ লক্ষ টাকা FD করলেন। ৮.২৫ শতাংশ সুদের হারে মেয়াদ শেষে আনুমানিক ৫,৮০,৩৩৮ টাকা পাওয়া যেতে পারে। অর্থাৎ, সুদ হিসাবে আয় হবে প্রায় ৮০,৩৩৮ টাকা।
অন্য দিকে, একই ভাবে কোনও সাধারণ গ্রাহক ৫ লক্ষ টাকা রাখলে ৮.১০ শতাংশ সুদের হারে মেয়াদ শেষে আনুমানিক ৫,৭৮,৭৮৪ টাকা হতে পারে। অর্থাৎ, সুদ বাবদ প্রায় ৭৮,৭৮৪ টাকা আয় হবে।
ফলে ৫ লক্ষ টাকা বিনিয়োগে সিনিয়র সিটিজেনরা প্রায় ১,৫৫৪ টাকা বেশি পাবেন। এই হিসাবটি ব্যাঙ্কের সুদ গণনার নিয়ম অনুযায়ী করা আনুমানিক হিসাব; প্রকৃত ম্যাচিওরিটি অঙ্কে সামান্য হেরফের হতে পারে।
ট্যাক্স কাটবে?
FD থেকে পাওয়া সুদ করের আওতায় আসতে পারে। আপনার মোট আয় এবং প্রযোজ্য আয়কর নিয়ম অনুযায়ী করের হিসাব হবে। তাই FD-তে ৮.২৫ শতাংশ সুদ লেখা থাকলেও হাতে পাওয়া প্রকৃত রিটার্ন করের কারণে কিছুটা কম হতে পারে।
কারা এই FD করবেন?
যাঁরা প্রায় দেড় বছরের বেশি সময় টাকা সরিয়ে রাখার প্ল্যান করছেন এবং নিয়মিত সুদের বদলে মেয়াদ শেষে মোটা টাকা পেতে চান, তাঁদের জন্য এই ৬৬৬ দিনের FD বেশ ভাল অপশন হতে পারে। বিশেষত সিনিয়র সিটিজেনদের জন্য ৮.২৫% সুদের হার বেশ আকর্ষণীয়।
দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।