
বিজেপি সরকার গঠিত হওয়ার পর সোমবার নব্বান্নে ছিল দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক। এদিন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নীতিগত অনুমোদন দিল রাজ্যের মন্ত্রিসভা। ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
অগ্নিমিত্রা পাল জানান, লক্ষ্মীর ভাণ্ডার থেকেই উপভোক্তাদের নাম সরাসরি ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারে। তিনি বলেন, ‘যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁদেরই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। যাঁরা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পাননি, তাঁদের অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদনের জন্য খুব শীঘ্রই পোর্টাল খোলা হবে।’ তিনি আরও জানান, যাঁরা ইতিমধ্যেই সিএএ-র জন্য আবেদন করেছেন বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাঁরাও অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। পয়লা জুন থেকেই মিলবে এই প্রকল্পের টাকা।
সরকারের এই ক্যাবিনেট সিদ্ধান্তের ফলে রাজ্যের কোটি কোটি মহিলার আর্থিক নিরাপত্তা আরও জোরদার হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পয়লা জুন থেকে মিলবে এই প্রকল্পের টাকা। যাঁরা যাঁরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাঁরা প্রত্যেকেই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। যাঁদের নাম বাদ গিয়েছে, ভোটার লিস্ট থেকে তাঁদের ব্যাপারে যাচাই হবে। তবে যাঁরা ট্রাইবুনালে রয়েছেন, তাঁরা প্রত্যেকেই আপাতত টাকা পাবেন। শুভেন্দু অধিকারীর ক্যাবিনেটের মন্ত্রী জানিয়ে দিয়েছেন, আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনেই। অগ্নিমিত্রা পাল বলেন, 'আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রত্যেক মহিলা ও শিশুর উত্তরণের জন্য অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে। মাসে ৩ হাজার টাকা। সেই প্রতিশ্রুতি পূরণ হল।'
প্রসঙ্গত, ২১-এর ভোটের আগে তৃণমূল সরকারের তুরুপের তাস ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ওই ভোটে তৃণমূল ব্যাপক মার্জিনে জিতেওছিল। গত পাঁচ বছরে এই প্রকল্পের সাফল্য যেমন বেড়েছিল, তেমনই মমতা সরকার দফায় দফায় টাকার পরিমাণও বাড়িয়েছিল। ২৬-এর ভোটের ইশতেহারে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছিল বিজেপি। সেই অন্নপূর্ণা যোজনায় অনুমোদন মিলল সোমবারের মন্ত্রিসভার বৈঠকে। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের অধীনে অন্নপূর্ণা যোজনা প্রকল্প নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা। অগ্নিমিত্রা পাল জানালেন, লক্ষ্মীর ভাণ্ডারে যাঁরা পেতেন, তাঁদের নাম ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারে। সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার হবে। মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, যাঁরা লক্ষ্মীর ভান্ডার পেতেন, তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। যাঁরা নতুন করে আবেদন করতে চান, তাঁদের জন্য ব্যবস্থা হবে। আবেদনের জন্য খোলা হচ্ছে একটি পোর্টাল। সেখান থেকে সহজেই আবেদন করা যাবে।