
প্রতিশ্রুতি মতো বিজেপি সরকারে আসার পরেই রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে তৎপরতা দেখা গিয়েছে। নতুন করে ফর্ম ফিলআপের মাধ্যমে ইতিমধ্যেই অ্যাকাউন্টে মাসিক ৩০০০ টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। চলতি মাসে যাঁরা ফর্ম জমা দিয়েছেন, আগামী মাসে তাঁরাও অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে বার্ধক্য ও বিধবা ভাতা নিয়ে অনেকে প্রশ্ন তুলছিলেন, তাহলে কি নতুন সরকারের আমলে বার্ধক্য ও বিধবারা মাসিক ভাতা থেকে বঞ্চিত হবেন? সোমবারের বাজেটে অবশ্য তার উত্তর পাওয়া গিয়েছে।
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রাপকদের জন্য সুখবর দেওয়া হয়েছে। রাজ্যে বিজেপি সরকারের প্রথম বাজেটে বলা হয়েছে, বয়স্ক, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষম নাগরিকরা সমাজে সবচেয়ে বেশি অসুরক্ষিত। সেই কথা মাথায় রেখে সামাজিক সুরক্ষা বৃদ্ধির জন্য এই শ্রেণির মানুষের পেনশন মাসিক ৫০০ টাকা বৃদ্ধি করা হচ্ছে। রাজ্যে গত সরকারের আমলে বিধবা বা বার্ধক্য ভাতা ছিল ১০০০ টাকা। এ বার তাঁরা ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। অন্য দিকে, বিগত সরকারের আমলে বিশেষ ভাবে সক্ষমরা মাসিক ১০০০ টাকা করে ‘মানবিক ভাতা’ পেতেন। এ বার তাঁরাও ১৫০০ টাকা করে ‘মানবিক ভাতা’ পাবেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে বর্তমানে মোট ৬০ লক্ষ বিশেষ ভাবে সক্ষম মানুষ রয়েছেন। তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। অন্য দিকে, রাজ্যের বিধবা মহিলা এবং বয়স্ক ব্যক্তিরা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পেতেন। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১৫০০ টাকা ঢুকবে। কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে, তা নিয়ে ইতিমধ্যেই রাজ্যবাসীর মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই নিয়ে সর্বশেষ আপডেট।
জানা গিয়েছে, বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার আবেদন গত ‘জনকল্যাণ শিবির’ করা না গেলেও আগামী শিবিরগুলিতে আবেদনপত্র থাকবে। অর্থাৎ নতুন আবেদন আগামী ‘জনকল্যাণ শিবির’ থেকে করা যাবে। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রবীণদের আশ্বস্ত করে বলেছিলেন, শিবির শেষে বাড়ি বাড়ি গিয়ে প্রবীণদের আবেদনপত্র পৌঁছে দেবেন সরকারি কর্মীরা। এমনকি আবেদনপত্র পূরণ করতেও সাহায্য করবেন সরকারি কর্মীরাই।
রাজ্যের অর্থমন্ত্রী স্বপণ দাশগুপ্ত জানিয়েছেন, আগামী দু'মাসের মধ্যে বিভিন্ন ধরনের যেসব আর্থিক অনুদান সংক্রান্ত ভাতা রয়েছে সেগুলি দেওয়ার চেষ্টা করা হবে। মন্ত্রী দিলীপ ঘোষও জানিয়েছেন শীঘ্রই বর্ধিত হারে বার্ধক্য এবং বিধবা ভাতা দেওয়া শুরু হবে। প্রসঙ্গত পুরনো হারে জুন মাসে টাকা দেওয়া হয়েছে।
আপনার বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা ঢুকেছে কি না তা আপনি বাড়ি বসেই জানতে পারবেন। তার জন্য সরকারি ওয়েবসাইটে যেতে হবে। আপনি https://jaibangla.wb.gov.in/login-এই সাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন। Track Applicant Status-এ ক্লিক করবেন। তারপর অন্য একটা পেজ খুলবে। সেখানে স্কিমের নাম দিয়ে, মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনার যদি টাকা ঢুকে গিয়ে থাকে তাহলে ওখানে Payment Success লেখাটি দেখাবে। টাকা না ঢুকলে Payment Under Processes দেখাবে।