
চলতি অর্থবর্ষে রাজ্য সরকারের ৫৪টি দফতরের মাধ্যমে মোট এক লক্ষ কর্মী নিয়োগ হবে। সেপ্টেম্বরের শেষে নবান্নে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে এমনই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সাংবাদিক বৈঠকে আরও বড় খবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জানান, রাজ্যে ১৪,৪৫৪টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার ক্যাবিনেট মিটিংয়ে এই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে।
এদিনের সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমুখী সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, চলতি অর্থবর্ষেই রাজ্যে ১ লক্ষ কর্মসংস্থান তৈরি করা হবে। বিভিন্ন দফতরে নতুন করে ১৪,৪৫৪টি শূন্যপদে নিয়োগের সুপারিশে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জানা গিয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর, বন বিভাগ, ফায়ার অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্ট, কারেকশনাল হোম ডিপার্টমেন্ট-সহ একাধিক দফতরে এই নিয়োগ করা হবে। পিএসসি-সহ সংশ্লিষ্ট দফতর এই নিয়োগের জন্য পরীক্ষা নেবে।
শুভেন্দু অধিকারী জানান, 'আগামী ১১ অক্টোবর রাজ্য পুলিশের প্রথম ব্যাচের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। পুলিশ বাহিনীতে প্রায় ১২ হাজার পদে নিয়োগ সম্পন্ন হচ্ছে। প্রশাসনিক গতি বাড়াতে পুলিশে যুক্ত হচ্ছে ৪৫০টি নতুন গাড়ি এবং ৪৫০টি মোটরসাইকেল। এছাড়া, উত্তরপ্রদেশের আদলে পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে '১১২' জরুরি হেল্পলাইন নম্বর, যার মাধ্যমে খবর পাওয়া মাত্রই দ্রুত পদক্ষেপ করবে পুলিশ।'
১১ অক্টোবর পুলিশের প্রায় ৫ হাজার নিয়োগপত্র তুলে দেওয়া হতে পারে বলে জানান শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জাননা, তফশিলি জাতি ও উপজাতির যে সকল পড়ুয়ারা হস্টেলে থেকে পড়াশোনা করেন, তাঁদের জন্য বরাদ্দ টাকা অনেকটা বাড়ানো হয়েছে রাজ্য সরকারের তরফে। অক্টোবর থেকে বাড়ানো হচ্ছে ভাতা। আগে ১৮০০ দেওয়া হত। বরাদ্দ বাড়িয়ে এবার থেকে ৩, ৩০০ টাকা দেওয়া হবে। একই সঙ্গে জানানো হয়েছে, ‘ভগিনী নিবেদিতা স্কিম’ অ্যাপ্রুভ হয়েছে। প্রথম বর্ষে যে সকল ছাত্রীরা ভর্তি হলেন, চলতি শিক্ষা বর্ষ থেকেই টাকা পাবেন। প্রথম বছর দেওয়া হবে ১৭ হাজার পরের বছর ১৬ হাজার টাকা করে পাবে। শুধুমাত্র অবিবাহিতরাই এই টাকা পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ভাতা বাড়ানো হয়েছে কর্মবন্ধু প্রকল্পে। শুভেন্দু অধিকারী বলেন, 'কর্ম বন্ধু প্রকল্পে মাত্র ৫ হাজার থেকে বাড়িয়ে ৮ হাজার করেছি।'
এখানেই শেষ নয়, পর্যটনের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বলেন, 'ট্যুরিজমের ক্ষেত্রে ভালো হবে। হাসিমারাতে আরও ৩ টি বাঘ ছাড়া হবে।'