
রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে একের পর এক নতুন পদক্ষেপ দেখা যাচ্ছে। আর সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে এবার রাজ্যের সরকারি হাসপাতালে চালু হল অমৃত ফর্মেসি। এখানে ৫০ থেকে ৮০ শতাংশ ছাড়ে মিলবে ওষুধ। এমনকী কম দামে পাওয়া পাওয়া যাবে স্টেন্টও। তাই আর সময় নষ্ট না করে অমৃত ভারত ফার্মেসির খুঁটিনাটি সম্পর্কে জেনে নিন।
অমৃত ভারত ফার্মেসি কী?
সহজ ভাষায় বললে, এটা হল ওষুধের দোকান। এখানে বাজারের তুলনায় অনেক কম দামে ওষুধ পাওয়া যাবে।
বিষয়টা নিয়ে মুখ খুলেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আপাতত ১০০টি সরকারি হাসপাতালে চালু করা হচ্ছে অমৃত ফার্মেসি। এই সব ফার্মেসি থেকে ৫০ থেকে ৮০ শতাংশ ছাড়ে ওষুধ এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনা যাবে। ইতিমধ্যেই এই ফার্মেসি চালানোর জন্য একটি সংস্থার সঙ্গে মৌ স্বাক্ষর হয়েছে বলেও জানান তিনি।
কোন কোন ওষুধে বড় ছাড়?
অমৃত ফার্মেসি নিয়ে উৎসাহিত চিকিৎসকদের একাংশ। এই ফার্মেসির মাধ্যমে সাধারণ মানুষের লাভ হবে বলেই মনে করছেন তারা।
অমৃত ফার্মেসিতে বহু জীবনদায়ী ওষুধ বিরাট ছাড়ে পাওয়া যাবে। শুধু তাই নয়, এখানে ৮০ শতাংশের বেশি ছাড় পাওয়া যাবে স্টেন্টে। সেই সঙ্গে চোখের লেন্সও কম টাকায় মিলবে।
আরও জানা যাচ্ছে, ক্যান্সার থেকে শুরু করে হার্টের অসুখ, সব জটিল রোগের ওষুধ এখানে কম দামে পাওয়া যাবে।
কীভাবে ওষুধ মিলবে?
অমৃত ফার্মেসি থেকে ওষুধ কিনতে চাইলে খালি হাতে গেলে চলবে না। বরং ভ্যালিড প্রেসক্রিপশন সঙ্গে নিয়েই যেতে হবে ফার্মেসিতে। এমনকী কিছু কিছু ক্ষেত্রে সঙ্গে নিতে হবে রোগী এবং পরিবারের লোকজনের আইডেন্টিটি কার্ড। তাহলেই ওষুধ বা চিকিৎসা সামগ্রী মিলবে বলে জানান হয়েছে।
কোন কোন হাসপাতালে চালু হবে?
আপাতত ১০০টি সরকারি হাসপাতালে অমৃত ফার্মেসি চালু করা হবে বলে খবর। তবে কোন কোন হাসপাতালে শুরু হবে, সেটা নির্দিষ্ট করে জানা যায়নি। আশা করা যায়, মেডিক্যাল কলেজগুলিতে এই পরিষেবা মিলবে।
বেসরকারি হাসপাতালে ফ্রি পরিষেবা শুরু?
সরকারি হাসপাতালে বেড না পেলে সরকারই ট্রান্সফার করবে বেসরকারি হাসপাতালে। সেখানে বিনামূল্যে মিলবে পরিষেবা। ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে এই পরিষেবা চালু হয়েছে বলে জানান হয়েছে। আগামিদিনে অন্যান্য হাসপাতালেও এই পরিষেবা মিলবে।