
রাজ্য পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী রাজ্য সরকার। মঙ্গলবার কসবায় ৫০টি নতুন এসি বাস উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এগুলির বিশেষত্ব হল গেরুয়া বাস। এর আসনগুলির মধ্যেও রয়েছে বিশেষত্ব। মহিলাদের জন্য বিশেষভাবে গোলাপি আসন সংরক্ষণ করা হয়েছে। বাসের পিঙ্ক সিটগুলি মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। পিঙ্ক কার্ডও খুব শীঘ্রই চালু হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
সরকারি বাসের অভাব মেটাতে এই পদক্ষেপ রাজ্যের। মুখ্যমন্ত্রী বললেন, "কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে কাজ করলে পরিবহণে গতি আসবে। পরিবহণ ব্যবস্থা যত ভালো ববে, তত শিল্প আসবে। পরিবহণ ব্যবস্থা রাজ্যের আয় বাড়াতেও সাহায্য করবে। রাজ্যের ঘাড়ে ৮ লক্ষ কোটির বোঝা চাপিয়ে গিয়েছে আগের সরকার।"
শুভেন্দুর ঘোষণা, CNG ও EV-র ব্যবহার বৃদ্ধিতে গুরুত্ব দিয়েছে নতুন সরকার। EV চার্জিং স্টেশন বাড়ানোর চেষ্টা চলছে। রাজ্যে আরও বেশ কিছু বিদ্যুৎচালিত বাস নামবে বলে জানিয়েছেন তিনি। মহিলাদের জন্য বাসে এবার গোলাপি আসন মিলবে।
এছাড়াও, আরও একটি বড় উদ্যোগ নিয়েছে সরকার। সমস্ত সরকারি বাসে চালকের সমান বেতন পাবেন কন্ডাকটররা, বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। দেশের ১৭তম রাজ্য হিসাবে বাংলা ওয়াটার মেট্রোয় যুক্ত হচ্ছে বলে জানান শুভেন্দু।
আগের সরকারের বিরুদ্ধে এদিনও একরাশ ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন সরকার পরিবহণ ব্যবস্থাকে পঙ্গু করে গিয়েছে বলে অভিযোগ। প্রচুর সরকারি বাস তুলে নেওয়া হয়েছে। সেই পরিবহণকে পুনরজ্জীবিত করতে উদ্যোগী সরকার।