
রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন সামাজিক সুরক্ষা খাতে ভাতা বাড়িয়েছে বিজেপি সরকার। আশাকর্মী ও অঙ্গনওয়াড়িদের জন্য পারিশ্রমিকও বাড়িয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। এবার সরকারি বাসের কন্ডাক্টরদের জন্যও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন এবার থেকে বাস চালকদের সমান বেতন পাবেন কন্ডাক্টরাও।
প্রসঙ্গত, বাংলার বাস যাত্রীদের কথা ভেবে বিরাট সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তার অংশ হিসেবে এদিন ৫০টি এসি বাসের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদের মধ্যে ৪৩টি সিএনজি ও ৭টি ইলেক্ট্রিক বাস। এই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী বলেন, 'আগের সরকার ড্রাইভার কন্ডাক্টদের থার্ড পার্টি দিয়ে নিয়োগ করা হয়েছিল, ২০২৫ সালে চালকদের বেতন বাড়িয়ে দেওয়া হয়, আমরা এই বৈষ্যম দূর করব, কন্ডাক্টররাও এবার সমান বেতন। অগাস্ট থেকেই নতুন হারে এই বেতন মিলবে।'
এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, ২০২৭ সালের মার্ত মাসের মধ্যে রাজ্য আরও ১০০০টি নতুন সরকারি বাস পেতে চলেছে। এদিকে সম্প্রতি পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, দুর্গাপুজোর আগেই রাস্তার সাড়ে চারশো বেশি বাস নামতে চলেছে। নতুন বাসের পাশাপাশি রাতে যাতে সাধারণ মানুষের বাড়িতে অসুবিধা না হয় সেজন্য নাইট বাস সার্ভিসও চালু করা হবে বলে জানিয়েছে সরকার।
নতুন বাস উদ্বোধনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এদিন জানান, দেশের ১৭তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ওয়াটার মেট্রো পরিষেবা। পাশাপাশি কলকাতা মেট্রো পরিষেবার আরও সম্প্রসারণের জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান তিনি। চিংড়িঘাটা এলাকায় দীর্ঘদিনের যানজটের সমস্যার সমাধান মাত্র ১৭ দিনে করা সম্ভব হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।
বৈদ্যুতিক বাস চালুর ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের যৌথ অর্থায়নের কথাও জানান তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, প্রকল্পের খরচের ৬০ শতাংশ কেন্দ্র এবং ৪০ শতাংশ রাজ্য বহন করবে। পাশাপাশি, রাজ্যের মহিলাদের জন্য বাসে ‘জিরো ভ্যালু টিকিট’ চালুর ঘোষণাও করেন তিনি। এই ব্যবস্থার ফলে মহিলা যাত্রীদের গণপরিবহণ ব্যবহারে আরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।