
হোয়াটস অ্যাপে বড় বদল আসছে। এর ফলে চ্যাট করার পদ্ধতি পুরো বদলে যেতে পারে। এখনও পর্যন্ত হোয়াটস অ্যাপে কারও সঙ্গে চ্যাট করার জন্য নিজের মোবাইল নম্বর শেয়ার করতেই হতো। যার ফলে আপনার নম্বর সামনের মানুষটি জেনে ফেলতেন। যদিও সংস্থার পক্ষ থেকে এবার ইউজার নেম ফিচার আনা হচ্ছে। এর ফলে আগামিদিনে আপনাকে আর নম্বর শেয়ার করতে হবে না। বরং শুধু নম্বর শেয়ার করেই চ্যাট করতে পারবেন।
সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ইতিমধ্যেই কিছু ব্যবহারকারীকে ইউজার নেম ফিচার ব্যবহার করতে দিয়েছে হোয়াটস অ্যাপ। অ্যান্ড্রয়েড এবং আইওস, দুই জায়গাতেই এই ফিচার টেস্ট করা হচ্ছে। তারপর যদি এই ফিচার পুরোদমে রোলআউট করা হয়, তাহলে হোয়াটস অ্যাপের ইতিহাসে সবথেকে বড় আপডেট হবে।
নম্বর নয়, ইউজারনেম দিয়েই হবে কাজ
এই ফিচারের সবথেকে বড় ফায়দা হল প্রাইভেসি। এই আপডেট আসার পর কোনও ব্যক্তির সঙ্গে হোয়াটস অ্যাপে চ্যাটের সময় নিজের নম্বর শেয়ার করতে হবে না। বরং আপনি ইউজার নেম শেয়ার করেই চ্যাট করতে পারবেন। যার ফলে সামনের ব্যক্তিটি ফোন নম্বর জানতে পারবেন না।
নতুন অপশন পাবেন ব্যবহারকারীরা
এই রিপোর্ট অনুযায়ী, হোয়াটস অ্যাপে ইউনিক ইউজার্স নেম মিলবে। ঠিক যেমনটা ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামে পাওয়া যায়। এই ইউজার্স নেম সেট করার পর সেই নাম দিয়েই আপনাকে খুঁজতে পারবেন অন্য কোনও ব্যবহারকারী। সেভাবেই আপনাকে মেসেজ পাঠাতে পারেন। কিন্তু আপনার নম্বর তাঁরা জানতে পারবেন না।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ফিচারের মাধ্যমে হোয়াটস অ্যাপ নিজেকে একটা সেরা এবং আধুনিক ম্যাসেজিং অ্যাপ হিসেবে সামনে আনতে চাইছে। এতদিন টেলিগ্রাম ও অন্য কিছু ম্যাসেজিং অ্যাপে এই ধরনের ফিচার ছিল। এই সব মেসেজিং অ্যাপে নম্বর শেয়ার করার প্রয়োজন হয় না।
স্প্যাম মেসেজ বাড়তে পারে
যদিও এই আপডেট নিয়ে কিছু সমস্যাও বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, শুধু ইউজার্স নেম দিয়ে কোনও ব্যক্তিকে খোঁজা গেলে যে কোনও ব্যক্তি আপনাকে মেসেজ করতে পারে। সেটা এক সমস্যার বিষয়।
কিন্তু মনে করা হচ্ছে, হোয়াটস অ্যাপ এই বিষয়টা মাথায় রাখবে। তাই তারা আরও কিছু সিকিউরিটি ফিচারও আনবে। যার মাধ্যমে আপনি ঠিক করে নিতে পারবেন, কারা মেসেজ পাঠাতে পারবেন, কারা নয়।
অনেকেই মনে করছেন, এই ফিচার হোয়াটস অ্যাপ বিজনেস এবং ক্রিয়েটার্সদের জন্য খুবই ভাল খবর নিয়ে আসবে। তারা নিজেদের নম্বর লুকিয়ে রাখতে পারবেন। তাদের প্রফেশনাল কমিউনিকেশন করতে অনেক সুবিধা হবে।