Advertisement

Bharosa Scheme : ভরসা প্রকল্পের ২ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে, কাদের জন্য বরাদ্দ দেড় হাজার? বিস্তারিত

নতুন এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'ভরসা কর্মসূচি'। কবে থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে? কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? কতদিন পর্যন্ত মিলবে আর্থিক সহায়তা? রইল বিস্তারিত।

শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Nov 2026,
  • अपडेटेड 9:38 PM IST
  • রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী জানুয়ারি মাস থেকে 'ভরসা কর্মসূচি' চালু হওয়ার কথা
  • এই প্রকল্পে ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য বেকার স্নাতকরা মাসে ২০০০ টাকা করে পাবেন

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য নতুন আর্থিক সহায়তা প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যোগ্য বেকার স্নাতকদের প্রতি মাসে ২০০০ টাকা করে দেবে রাজ্য সরকার। অন্যদিকে, স্নাতক নন, কিন্তু সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কারিগরি বা বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়েছেন, এমন বেকারদের জন্য মাসিক ১৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'ভরসা কর্মসূচি'। কবে থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে? কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? কতদিন পর্যন্ত মিলবে আর্থিক সহায়তা? রইল বিস্তারিত।

গতকাল সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বেকার স্নাতকরা মাসে ২০০০ টাকা করে পাবেন। যাঁরা স্নাতক নন, কিন্তু সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে কারিগরি বা বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পে টানা ১৫ মাস আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা?

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী জানুয়ারি মাস থেকে 'ভরসা কর্মসূচি' চালু হওয়ার কথা। তবে উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দেওয়ার সম্ভাব্য তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৭। অর্থাৎ, প্রকল্পের আওতায় নির্বাচিত হলে ওই দিন থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়ার কথা। তবে টাকা পাওয়ার জন্য আবেদন, নথি যাচাই এবং উপভোক্তা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রকল্পের বিস্তারিত নির্দেশিকা প্রকাশের পরই আবেদন ও টাকা পাঠানোর নির্দিষ্ট নিয়ম জানা যাবে।

কারা পাবেন মাসে ২০০০ টাকা?

এই প্রকল্পে ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য বেকার স্নাতকরা মাসে ২০০০ টাকা করে পাবেন। অর্থাৎ, যাঁরা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু বর্তমানে কর্মহীন, তাঁরা নির্ধারিত শর্ত পূরণ করলে এই আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন। টানা ১৫ মাস এই টাকা দেওয়া হলে একজন উপভোক্তা মোট ৩০ হাজার টাকা পাবেন।

কাদের জন্য বরাদ্দ ১৫০০ টাকা?

Advertisement

যাঁরা স্নাতক নন, কিন্তু সরকারি স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে কারিগরি বা বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, তাঁদের জন্য মাসে ১৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে। সরকারি ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য প্রার্থীরাও এই সুবিধার আওতায় আসবেন। ১৫ মাস ধরে মাসে ১৫০০ টাকা করে দেওয়া হলে একজন উপভোক্তা মোট ২২ হাজার ৫০০ টাকা পাবেন। তাঁদের ক্ষেত্রেও বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে।

পুরনো প্রকল্পের বদলে নতুন নাম 'ভরসা'

রাজ্যের বেকার ভাতা সংক্রান্ত আগের কর্মসূচিতে পরিবর্তন এনে নতুন নাম দেওয়া হয়েছে 'ভরসা কর্মসূচি'। ইংরেজিতে যার অর্থ বিশ্বাস বা আশ্বাস। যুবসমাজকে আর্থিকভাবে কিছুটা স্বস্তি দেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যেও একাধিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সরকারি চাকরির বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আবেদনের ফি মকুব করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। পাশাপাশি বিভিন্ন সরকারি দফতরে ১০,১৪৬টি শূন্যপদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। অর্থাৎ, বেকারদের জন্য একদিকে মাসিক আর্থিক সহায়তা, অন্যদিকে সরকারি চাকরির পরীক্ষায় আবেদন এবং নিয়োগের সুযোগ তৈরির পরিকল্পনা করছে রাজ্য সরকার।

কীভাবে আবেদন করবেন?

প্রকল্পের সুবিধা পেতে কোথায় আবেদন করতে হবে, অনলাইন না অফলাইন পদ্ধতিতে আবেদন নেওয়া হবে, কী কী নথি জমা দিতে হবে এবং উপভোক্তা বাছাইয়ের নিয়ম কী হবে, তা নিয়ে এখনও বিস্তারিত সরকারি নির্দেশিকা প্রকাশিত হয়নি। তাই এখনই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে বলে ধরে নেওয়া ঠিক হবে না। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরই আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য জানা যাবে।

মুখ্যমন্ত্রীর দাবি, প্রশাসনিক বৈঠক ও সরকারি অনুষ্ঠানের খরচ এবং সময় কমিয়ে অর্থ সাশ্রয় করা হয়েছে। সেই অর্থের একটি অংশ বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তায় ব্যবহার করা হবে। তবে এই প্রকল্পে কতজন উপকৃত হবেন এবং বাস্তবে কত দ্রুত তাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছবে, তা নির্ভর করবে প্রকল্পের বাস্তবায়ন ও উপভোক্তা নির্বাচনের উপর। আপাতত জানুয়ারি মাসে প্রকল্পের সূচনা এবং ১ ফেব্রুয়ারি প্রথম কিস্তি দেওয়ার ঘোষণার দিকেই নজর বেকার চাকরিপ্রার্থীদের।

Read more!
Advertisement
Advertisement