
আজ বেরচ্ছে SIR লিস্ট। ইতিমধ্যেই লিস্ট প্রকাশ হতে শুরু করে দিয়েছে। অনেকেই নিজের নাম দেখতে পাচ্ছেন কমিশনের ওয়েবসাইটে।
যদিও কিছু মানুষের পক্ষে অনলাইনে নিজের নাম খোঁজা সম্ভব নয়। তাঁরা অফলাইনে হার্ড কপি ভোটার লিস্টের উপরই নির্ভরশীল। এখন প্রশ্ন হল, তাঁরা নিজেদের নাম খুঁজবেন কীভাবে? এর উত্তরে বলি, অফলাইনে দেখা যাচ্ছে ভোটার লিস্ট। যে কোনও মানুষ চাইলে সেই লিস্ট দেখে নিতে পারেন।
কোথায় কোথায় অফলাইনে দেখা যাবে ভোটার লিস্ট?
নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে, হার্ড কপি দেওয়া হবে ডিএম, বিডিও এবং এসডিও অফিসে। ইতিমধ্যেই সেই সব অফিসে টাঙিয়ে দেওয়া হয়েছে নাম। সেখানে গিয়ে আপনি অনায়াসে নামটা দেখতে পারবেন। তাই চিন্তার কোনও কারণ নেই।
এছাড়া রাজ্যের ৮টি স্বীকৃত রাজনৈতিক দলকে ভোটার লিস্টের তালিকা পেন ড্রাইভের মাধ্যমে সফট কপি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। তারা চাইলেই সেই কপি প্রিন্ট করে নির্দিষ্ট এলাকায় টাঙিয়ে দিতে পারে। সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন নিজের নাম।
তবে এখনই বিএলও-দের হাতে হার্ড কপি তুলে দিতে পারবে না কমিশন। তার জন্য কিছুটা সময় লাগবে না। তাদের হাতে একবার লিস্ট চলে এলে সমস্যা নেই। সেখান থেকেও নামটা দেখে নিতে পারেন।
অনলাইনেও দেখা যাচ্ছে নাম
তবে অফলাইনে নাম দেখা বেশ কঠিন কাজ। আপনাকে সেখানে সশরীরের উপস্থিত হয়ে নাম খুঁজে নিতে হবে। যদিও এই সমস্যার একটা সহজ সমাধান রয়েছে। আপনি চাইলে অনলাইনেও নাম দেখতে পারেন।
সেক্ষেত্রে http://voters.eci.gov.in এবং http://ceowestbengal.wb.gov.in-এ যান। আবার চাইলে ECINET App-ও নামিয়ে নিতে পারেন। এই সব ওয়েবসাইট এবং অ্যাপে গিয়ে নিজের নাম খুঁজে নিন। তাহলে আর বাইরে যাওয়ার প্রয়োজন পড়বে না।
৩টি ক্যাটাগোরি থাকবে
আজকের ভোটার লিস্টে থাকবে ৩টি ক্যাটাগোরি। প্রথমত থাকবে ভ্যারিফায়েড ভোটার। তাদের নাম সাধারণভাবে আসবে। দ্বিতীয়ত হল, অ্যাডজুডিকেশন ভোটার। এঁদের নাম এখনও বিচারাধীন। তৃতীয়ত হল, ডিলিটেড ভোটার বা যাঁদের নাম বাদ যাচ্ছে লিস্ট থেকে।
অনেকের নাম বাদ যেতে পারে
ইতিমধ্যেই ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে ড্রাফ্ট ভোটার লিস্টে। আর এবার ফাইনাল ভোটার লিস্টে আরও নাম বাদ যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও সেই বিষয়ে এখনও কিছুই জানান হয়নি কমিশনের পক্ষ থেকে।