
২ অক্টোবর ‘নো UPI ডে’-এর ডাক দিয়েছিল ব্যবসায়ী সংগঠনগুলি। যদিও এই কর্মসূচি নিয়ে ব্যবসায়ী সংগঠনগুলির মধ্যে মতভেদ তৈরি হয়েছে বলে খবর। যার ফলে এটা বোঝা যাচ্ছে না যে ২ অক্টোবর আদৌ ইউপিআই ব্যবহার করা যাবে নাকি যাবে না।
বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়ালের নেতৃত্বাধীন ব্যবসায়ী সংগঠন CAIT জানিয়েছে, তারা ২ অক্টোবর কোনও ‘নো UPI ডে’ পালন করবে না। এমন কোনও কর্মসূচির ডাকও তারা দেয়নি। CAIT স্পষ্টভাবে জানিয়েছে, ২ অক্টোবর ‘নো UPI ডে’ পালনের বিষয়ে সংগঠনের তরফে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকী এমন কিছুর প্রস্তাবও দেওয়া হয়নি।
ওদিকে আবার উল্টো সুর দিল্লির ব্যবসায়ী সংগঠন CTI-এর। তারা জানিয়েছে, UPI লেনদেনে MDR (Merchant Discount Rate) চাপানোর প্রতিবাদে ২ অক্টোবর ‘নো UPI ডে’ পালন করা হবে।
CTI-এর দাবি, ব্যবসায়ীরা ‘নো UPI ডে’-র কর্মসূচি প্রত্যাহার করেননি। CTI জানিয়েছে, ২ অক্টোবর দিল্লি সহ দেশের বিভিন্ন জায়গায় ‘নো UPI ডে’ পালন করবেন ব্যবসায়ীরা। ১০০-রও বেশি বড় ব্যবসায়ী সংগঠন এই কর্মসূচিকে সমর্থন করবে।
তারা জানিয়েছে, দেশের ২,০০০-এরও বেশি জায়গায় ‘নো UPI ডে’ পালিত হতে পারে। আর তেমনটা হলে যে সত্যিই সমস্যা তৈরি হবে, এই কথা তো বলাই বাহুল্য।
এমন পরিস্থিতিতে দিল্লি সহ দেশের সমস্ত দোকানদার ও ব্যবসায়ীদের কাছে ২ অক্টোবর UPI মেশিন কালো কাপড় দিয়ে ঢেকে রাখতে CTI আবেদন জানিয়েছে। তার বদলে শুধুমাত্র নগদে লেনদেন করার কথা বলেছে তারা।
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে CTI নিজেদের দাবি তুলে ধরেছে। তারা চাইছে ২,০০০ টাকার বেশি UPI লেনদেনের ক্ষেত্রে MDR চালুর সিদ্ধান্ত সরকার প্রত্যাহার করুক।
এই সংগঠনটির আরও দাবি, MDR চালু হলে দেশের প্রায় ৬ কোটি দোকানদার ও ব্যবসায়ীর উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপবে। তাদের ক্ষতির মুখে পড়তে হবে।
CTI-এর আশঙ্কা, ১৫ অক্টোবর থেকে ২,০০০ টাকার বেশি UPI লেনদেনের ক্ষেত্রে MDR চালু হলে দেশে UPI লেনদেন প্রায় ৫০ শতাংশ কমে যেতে পারে। এর ফলে ফের নগদ টাকার ব্যবহার বাড়তে পারে। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে CTI।
সমস্যাটা কোথায়?
১৫ অক্টোবর ২০২৬ থেকে দেশে UPI ব্যবহারের ক্ষেত্রে নতুন নিয়ম। ২০০০ টাকার বেশি বাণিজ্যিক পেমেন্টের লেনদেনে ০.৪% MDR ধার্য করা হয়েছে। আর এই চার্জ বসানোর ফলে ব্যবসায়ীদের ক্ষতি বাড়বে বলে দাবি করেছে একাধিক সংগঠন। সেই কারণেই ২ অক্টোবর নো UPI ডে হিসেবে পালন করা হচ্ছে। যদিও সংগঠগনগুলির মধ্যে মতবিরোধের কারণে এটা এখনও পরিষ্কার নয় যে ২ অক্টোবর UPI দিয়ে আদৌ পেমেন্ট করা যাবে কি না।