
রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প শুরু করেছে বিজেপি সরকার। এক্ষেত্রে মাসে ২০০০ এবং ৩০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু অন্নপূর্ণা যোজনার মাঝে যুবশক্তি ভরসা প্রকল্প নিয়ে আলোচনা প্রায় নেই। এমন পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, যুবশক্তি ভরসা কার্ড মিলবে কীভাবে? কবে থেকে শুরু হবে আবেদন? কারা টাকা পাবেন? আর সেই সব বিষয় নিয়ে বড় আপডেট চলে এল।
কারা পাবেন?
মাথায় রাখতে হবে, তৃণমূল সরকার চালু করেছিল যুবসাথী প্রকল্প। সেই প্রকল্পে বেকার যুবক এবং যুবতীদের মাসে ১৫০০ টাকা দেওয়া হতো। তবে রাজ্যের ক্ষমতা দখলের পরই বিজেপি সরকার যুবসাথীর বদলে যুবশক্তি ভরসা কার্ডের ঘোষণা করে। বাড়ানো হয় ভাতার পরিমাণ।
এক্ষেত্রে যাঁরা উচ্চ মাধ্যমিক পাশ, তাঁরা মাসে পাবেন ২০০০ টাকা। আর যাঁরা স্নাতক, তাঁরা মাসে মাসে ৩০০০ টাকা ভাতা পাবেন। তবে একমাত্র বেকার হলেই এই টাকাটা পাওয়া যাবে। চাকরি করলে মিলবে না। আর নারী এবং পুরুষ, দুই দলই এই টাকা পাবেন।
কবে থেকে চালু হবে?
যতদূর শোনা যাচ্ছে, অক্টোবর মাস থেকেই চালু হতে চলেছে যুবশক্তি ভরসা কার্ড। সেই মতো কাজ শুরু হয়েছে সরকারের অন্দরে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে এই প্রকল্প চালু হবে অক্টোবরে। আর সেই ডেডলাইন ধরেই সরকারি আধিকারিকরা এগোচ্ছেন বলে খবর মিলছে।
কবে থেকে শুরু আবেদন?
সূত্রের খবর, ১ অক্টোবর থেকে যুবশক্তি ভরসা কার্ডের জন্য় অ্যাপ্লাই করা যাবে। তারপর নভেম্বর থেকে পাওয়া যাবে ৩০০০ বা ২০০০ টাকা।
কোথায় আবেদন করতে হবে?
অন্নপূর্ণা যোজনার মতোই অনলাইন এবং অফলাইনে যুবশক্তি ভরসা কার্ড বা ভরসা প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে। এক্ষেত্রে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে করতে হবে আবেদন। অপরদিকে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, বিডিও অফিস বা এসডিও অফিসে গিয়েও নির্দিষ্ট ফর্ম ফিলআপ করে আবেদন করা যাবে বলে খবর মিলছে। তবে এখনও এই প্রকল্পের জন্য আলাদা করে কোনও ওয়েবসাইট লঞ্চ করা হয়নি।
কী কী ডকুমেন্টস লাগবে?
এটা নিয়ে নির্দিষ্ট করে কোনও খবর নেই। তবে জানা যাচ্ছে, আধার কার্ড, ভোটার কার্ড, এসআইআর লিস্টে নাম, ব্যাঙ্ক ডিটেলস লাগবে এই প্রকল্পে টাকা পেতে চাইলে। তাই এখন থেকেই এই ডকুমেন্টসগুলি জোগার করে রাখুন।