Advertisement

Online Food : জ্যোমাটোর খাবারের দাম এক ধাক্কায় বাড়তে পারে ১০ থেকে ৩০ শতাংশ, কবে থেকে?

বর্তমানে অধিকাংশ অনলাইন ফুড ডেলিভারিতে প্লাস্টিকের কন্টেনার অথবা প্লাস্টিকের মোড়ক ব্যবহার করা হয়। সাধারণত একটি খাবারের অর্ডারের মোট খরচের প্রায় ৫ শতাংশ প্যাকেজিংয়ের জন্য যায়। এই খরচও গ্রাহকদেরই দিতে হয়।

খাবারের দাম বাড়তে পারে জ্যোমাটোর খাবারের দাম বাড়তে পারে জ্যোমাটোর
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 19 Aug 2026,
  • अपडेटेड 3:43 PM IST
  • অনলাইনে খাবার কেনার খরচ বাড়তে পারে
  • আর তা এক ধাক্কায় ১০ থেকে ৩০ শতাংশ

অনলাইনে খাবার কেনার খরচ বাড়তে পারে। আর তা এক ধাক্কায় ১০ থেকে ৩০ শতাংশ। অর্থাৎ এখন যে খাবারটি আপনি ৫০০ টাকায় কিনছেন, সেটিই দিতে হতে পারে ৫৫০ থেকে ৬৫০ টাকা।  

এর কারণ পরিবেশবান্ধব এবং বায়োডিগ্রেডেবল প্যাকেজিং। এই তথ্য দিয়েছেন জ্যোমাটো (Zomato) লিমিটেডের চিফ সাসটেইনেবিলিটি অফিসার অঞ্জলি রবি কুমার। তাঁর বক্তব্য, প্লাস্টিকের প্যাকেজিং থেকে পরিবেশবান্ধব বিকল্পে সরে গেলে অতিরিক্ত খরচ শেষ পর্যন্ত গ্রাহকদেরই বহন করতে হতে পারে।

বর্তমানে অধিকাংশ অনলাইন ফুড ডেলিভারিতে প্লাস্টিকের কন্টেনার অথবা প্লাস্টিকের মোড়ক ব্যবহার করা হয়। সাধারণত একটি খাবারের অর্ডারের মোট খরচের প্রায় ৫ শতাংশ প্যাকেজিংয়ের জন্য যায়। এই খরচও গ্রাহকদেরই দিতে হয়।

The Hindu-কে দেওয়া এক সাক্ষাৎকারে অঞ্জলি রবি কুমার জানিয়েছেন, খাবার ডেলিভারিতে প্লাস্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল দাম। পরিবেশবান্ধব প্যাকেজিংয়ের ক্ষেত্রে ব্যাগাস, অ্যালুমিনিয়াম, কাগজ বা মাটির পাত্রের মতো বিকল্প উপকরণ ব্যবহার করা যেতে পারে। কিন্তু এই উপকরণগুলির দাম তুলনামূলক বেশি হওয়ায় সমস্যা তৈরি হচ্ছে।

তাঁর মতে, পরিবেশ রক্ষার জন্য প্লাস্টিকের ব্যবহার কমানো জরুরি হলেও, অতিরিক্ত খরচ বহন করার ক্ষেত্রে গ্রাহকদেরও একটি নির্দিষ্ট সীমা রয়েছে। অর্থাৎ, শুধু পরিবেশবান্ধব হওয়ার কারণে খাবারের জন্য বেশি টাকা দিতে অনেকেই রাজি নন।

অঞ্জলি রবি কুমার বলেন, প্যাকেজিংয়ের খরচ শেষ পর্যন্ত গ্রাহককেই দিতে হয়। তবে পরিবেশবান্ধব প্যাকেজিংয়ের জন্য অতিরিক্ত দাম দেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের আগ্রহ সীমিত। কিন্তু এই ধরনের প্যাকেজিংয়ের ব্যবহার বাড়লে এবং উৎপাদনের পরিমাণ বাড়বে। ফলে এর দাম কমতে থাকবে। তবে তা সময় সাপেক্ষ বিষয়। 

এই সমস্যা মোকাবিলায় Zomato প্যাকেজিং স্টার্টআপ এবং রেস্তোরাঁগুলিকে এমন প্যাকেজিং নিয়ে কাজ করতে উৎসাহিত করছে, যার দাম গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য। 

অঞ্জলি রবি কুমারের বক্তব্য, খাবার ডেলিভারির ক্ষেত্রে প্যাকেজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটি প্যাকেজিংকে বিরিয়ানি থেকে শুরু করে ডেজার্ট বিভিন্ন ধরনের খাবার বহন করার উপযোগী হতে হয়। পাশাপাশি রেস্তরাঁ থেকে গ্রাহকের বাড়ি পর্যন্ত পুরো ডেলিভারি জার্নিতে প্যাকেটকে নিরাপদ রাখতে হয়।

Advertisement

এদিকে গ্রাহকদেরও পরিবেশবান্ধব প্যাকেজিং ব্যবহারকারী রেস্তোরাঁ খুঁজে পেতে সাহায্য করছে Zomato। সংস্থার দাবি, তাদের অ্যাপে একটি লো প্লাস্টিক প্যাকিং ফিল্টার চালু করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা এমন রেস্তরাঁ চিহ্নিত করতে পারবেন, যেখানে তুলনামূলক কম প্লাস্টিকের প্যাকেজিং ব্যবহার করা হয়।

ফলে ভবিষ্যতে প্লাস্টিকের বদলে পরিবেশবান্ধব প্যাকেজিং ব্যবহারের প্রবণতা বাড়লেও, তার প্রভাব খাবারের মোট দামের উপর পড়তে পারে। বিশেষ করে নিয়মিত অনলাইনে খাবার অর্ডার করেন এমন গ্রাহকদের ক্ষেত্রে এই অতিরিক্ত খরচ বহন করতে হবে। 

Read more!
Advertisement
Advertisement