Advertisement

Amur Falcon Alang: ছোট্ট পাখির অবিশ্বাস্য কীর্তি! ১০১ ঘণ্টায় মণিপুর থেকে সোমালিয়া! থামল না একবারও

টানা ১০১ ঘণ্টা আকাশে উড়ে পাড়ি দিল ৫৭০০ কিলোমিটার পথ। মাঝখানে এক বারও মাটিতে নামেনি। বিশ্রাম নেয়নি। খাবারও খায়নি।

আমুর ফ্যালকন এক ধরনের ছোট শিকারি পরিযায়ী পাখি। আমুর ফ্যালকন এক ধরনের ছোট শিকারি পরিযায়ী পাখি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Nov 2026,
  • अपडेटेड 10:09 PM IST
  • টানা ১০১ ঘণ্টা আকাশে উড়ে পাড়ি দিল ৫৭০০ কিলোমিটার পথ।
  • একসময় উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় আমুর ফ্যালকন শিকার করা হত।
  • মণিপুরের স্থানীয় বাসিন্দারা এখন এই পরিযায়ী পাখিদের রক্ষা করতে এগিয়ে এসেছেন।  

ওজন মাত্র ১৫০ গ্রাম। শরীরের আকারও খুব একটা বড় নয়। অথচ সেই ছোট্ট পাখিই টানা ১০১ ঘণ্টা আকাশে উড়ে পাড়ি দিল ৫৭০০ কিলোমিটার পথ! মাঝখানে এক বারও মাটিতে নামেনি। বিশ্রাম নেয়নি। খাবারও খায়নি। মণিপুর থেকে আফ্রিকার সোমালিয়া পর্যন্ত এই অবিশ্বাস্য যাত্রা সম্পূর্ণ করেছে অ্যালাং নামে একটি আমুর ফ্যালকন। পাখিটির এই কীর্তিতে অবাক বিজ্ঞানীরাও।

২১ নভেম্বর প্রকাশিত সর্বশেষ উপগ্রহ-তথ্য অনুযায়ী, অ্যালাং ইতিমধ্যেই সোমালিয়ার উপকূলে পৌঁছে গিয়েছে। অন্য দিকে, তার সঙ্গী আপাপাং এখনও আরব সাগরের উপর দিয়ে উড়ছে। প্রায় ৯৫ ঘণ্টায় ৪১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে সে। তার যাত্রা এখনও শেষ হয়নি।

কেন এত দীর্ঘ পথ পাড়ি দেয়?
আমুর ফ্যালকন এক ধরনের ছোট শিকারি পরিযায়ী পাখি। এদের ওজন সাধারণত ১৫০ গ্রামের কাছাকাছি। পূর্ব রাশিয়া, উত্তর-পূর্ব চিন এবং মঙ্গোলিয়ায় এদের প্রজনন হয়। শীতের সময় এরা আফ্রিকার দক্ষিণ ও পূর্ব অংশে চলে যায়। প্রতি বছর হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেয় এই পাখিরা।

এই দীর্ঘ যাত্রায় ভারতের উত্তর-পূর্বাঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিশেষ করে মণিপুর ও নাগাল্যান্ডে কিছু দিন বিশ্রাম নেয় তারা। সেখানে উইপোকা এবং অন্যান্য পোকামাকড় খেয়ে শরীরে চর্বি জমায়। এই চর্বিই দীর্ঘ উড়ানের সময় শক্তির জোগান দেয়।

আরব সাগর পেরোনো
মণিপুর থেকে আফ্রিকা যাওয়ার পথে আমুর ফ্যালকনদের আরব সাগর পেরোতে হয়। প্রায় ৩০০০ কিলোমিটার বিস্তৃত এই সমুদ্রপথে বিশ্রাম নেওয়ার মতো কোনও জায়গা নেই। খাবার সংগ্রহের সুযোগও থাকে না। তাই একটানা উড়তে হয় পাখিগুলিকে।

অ্যালাং ও আপাপাংয়ের গতিবিধি জানতে ২০২৫ সালের নভেম্বর মাসে তাদের শরীরে ছোট উপগ্রহ-ট্রান্সমিটার বসিয়েছিলেন ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (WII) বিজ্ঞানীরা। মণিপুরের তামেংলং জেলার চিউলুয়ান এলাকায় এই কাজ করা হয়েছিল। উপগ্রহের মাধ্যমে পাখিগুলির উড়ানের পথ, দূরত্ব এবং বিশ্রামের সময় জানা যাচ্ছে।

একসময় উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় আমুর ফ্যালকন শিকার করা হত। তবে দীর্ঘদিনের সচেতনতা ও সংরক্ষণ কর্মসূচির ফলে পরিস্থিতি বদলেছে। মণিপুরের স্থানীয় বাসিন্দারা এখন এই পরিযায়ী পাখিদের রক্ষা করতে এগিয়ে এসেছেন।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement