
রঙিন পালক, মিষ্টি ডাক বা মানুষের মতো কথা বলার ক্ষমতা। শখ করে বাড়িতে টিয়া, চন্দনা বা ময়না পাখি পোষেন অনেকে। কিন্তু জানেন কি, এই শখের কারণেই আইনি বিপদে পড়তে পারেন? এমনকি জেলেও যেতে হতে পারে। কারণ, ভারতের একাধিক দেশীয় পাখি বন্যপ্রাণী সুরক্ষা আইনের আওতায় সংরক্ষিত। তাদের ধরে আনা, কেনাবেচা করা কিংবা বেআইনি ভাবে বাড়িতে আটকে রাখা অপরাধ।
কোন পাখি পোষা নিষিদ্ধ?
ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইন, ১৯৭২ অনুযায়ী, একাধিক দেশীয় টিয়া প্রজাতি সংরক্ষিত। তার মধ্যে রয়েছে সাধারণ টিয়া বা রোজ-রিংড প্যারাকিট, চন্দনা বা অ্যালেকজ়ানড্রাইন প্যারাকিট এবং আরও কয়েকটি দেশীয় প্রজাতি। পাহাড়ি ময়না বা হিল ময়নাও সংরক্ষিত পাখির তালিকায় রয়েছে। এই পাখিগুলিকে বন্য পরিবেশ থেকে ধরে এনে খাঁচায় রাখা আইনত অপরাধ। শুধু পাখি ধরা নয়, বেআইনি ভাবে কেনা, বিক্রি করা বা নিজের কাছে রাখাও শাস্তিযোগ্য।
কী শাস্তি হতে পারে?
বন্যপ্রাণী সুরক্ষা আইনের ৫১ নম্বর ধারায় এই ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড, এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা অথবা দু’টিই হতে পারে। অর্থাৎ, বাড়িতে শখ করে দেশীয় টিয়া বা সংরক্ষিত ময়না রাখলেও আইনি পদক্ষেপের মুখে পড়তে পারেন। পাখি উদ্ধার করে বন দফতর উপযুক্ত ব্যবস্থা নিতে পারে।
পশ্চিমবঙ্গেও এমন ঘটনা ঘটেছে। উত্তর ২৪ পরগনায় বাড়িতে খাঁচাবন্দি অ্যালেকজ়ানড্রাইন প্যারাকিট রাখার অভিযোগে ২০২৪ সালে বন দফতর পদক্ষেপ করেছিল। পাখিগুলিকে উদ্ধার করে চিকিৎসার পর প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হয়।
তাহলে কোন পাখি পোষা যায়?
আইন মেনে প্রজনন করা বিদেশি প্রজাতির কিছু পাখি পোষার সুযোগ রয়েছে। তবে প্রজাতি, তার উৎস এবং প্রয়োজনীয় নথি যাচাই করা জরুরি। কোনও পাখি কিনলেই তা বৈধ হয়ে যায় না। সন্দেহ থাকলে বন দফতরের পরামর্শ নিন।
মনে রাখবেন, পাখির আসল ঠিকানা খাঁচা নয়, খোলা আকাশ। শখের বশে তাদের বন্দি করার আগে আইন ও প্রকৃতির কথা ভাবুন।