
সোশ্যাল মিডিয়ায় প্রচারের ঝড়। তার মধ্যেই ছোট্ট ভুল করে ফেললেন লাভলি মৈত্র (Lovely Maitra)। সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী-অভিনেত্রীর একটি ফেসবুক পোস্ট এখন বেশ ভাইরাল। কেন? ভোটের ডাক দিতে গিয়ে হ্যাশট্যাগে ‘বাংলাদেশ ভোট’ ঢুকিয়ে দিয়েছেন তিনি! পোস্টটি সোমবারের। নিজের বিধানসভা কেন্দ্র সোনারপুর দক্ষিণের ভোটারদের উদ্দেশে একটি প্রচারমূলক পোস্ট করেন লাভলি। লেখেন, 'সোনারপুর দক্ষিণের মানুষ, চলুন আমাদের ভোট দিয়ে ভবিষ্যৎ গড়ি। সক্রিয় থাকুন, দায়িত্ব পালন করুন।' সব ঠিকই ছিল। সমস্যা বাঁধে পোস্টের শেষে দেওয়া কয়েকটি হ্যাশট্যাগে।
হ্যাশট্যাগের তালিকায় ছিল, #সোনারপুরদক্ষিণ, #নাগরিকদায়িত্ব, #আপনারকণ্ঠ, #ভোটেরশক্তি, #সচেতননাগরিক। সবই ঠিকঠাক। কিন্তু তার মাঝেই হঠাৎ চোখে পড়ল #ভোটদিবা এবং #বাংলাদেশভোট। আর এতেই নেটিজেনদের নজর কেড়েছে বিষয়টি। কারণ, লাভলি তো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে পোস্ট করেছেন। সেখানে 'বাংলাদেশ ভোট' হ্যাশট্যাগ এল কী করে?
সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট চোখে পড়তেই মুচকি হাসছেন অনেকেই। কেউ কেউ আবার মজা করে বলছেন, 'সোনারপুর কি তবে আন্তর্জাতিক কেন্দ্র?' অনেকের আবার অনুসন্ধিৎসু মন। বলছেন, হয়তো কোনও কনটেন্ট জেনারেশন টুল বা AI-এর সাহায্যে ক্যাপশন তৈরি করেছেন। আর সেখানেই এই ভুল হয়ে থাকতে পারে। অনেক সময়ই বাংলা লিখতে গিয়ে AI বাংলাদেশের লেখার ধরন থেকেই অনুপ্রাণিত হয়। আর তাতেই গোলমাল বাঁধে।
কেউ কেউ খোঁচা দিয়ে বলছেন, এত উন্নত প্রযুক্তির যুগে এমন কপি-পেস্ট ভুল হতেই পারে। অনেকেই এটি 'হিউম্যান এরর'(নাকি AI এরর?) হিসেবেই দেখছেন।
উল্লেখ্য, Sonarpur South কেন্দ্র থেকে এবার বিধানসভা নির্বাচনে টিকিট পেয়েছেন লাভলি মৈত্র। টেলিভিশন ও চলচ্চিত্র জগত থেকে রাজনীতিতে তাঁর আগমন নতুন নয়। বহুদিন সক্রিয়ভাবে রাজনীতির ময়দানে কাজ করছেন। এবার নির্বাচনী লড়াইয়ে নেমে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে প্রচার চালাচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, আজকাল রাজনৈতিক প্রচারে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অপরিসীম। কিন্তু সেখানে একটু সাবধানী হওয়াই শ্রেয়। এমন ছোটখাটো ভুল তা-ও হাসি-ঠাট্টা, ট্রোলিংয়ে মিটে যায়। বড়সড় ভুল হলে সেটাই ইস্যু বানিয়ে দিতে পারেন বিরোধীরা। তাই 'ডিজিটাল ভুল' হইতে সাবধান থাকাই শ্রেয়!
প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পোস্টটি ডিলিট বা এডিট করা হয়নি। সেই স্ক্রিনশটই দেওয়া হল। তবে একথা বলাই যায়, নির্বাচনী উত্তাপের মাঝেও এই ছোট্ট 'হ্যাশট্যাগ কাণ্ড' কিছুটা হলেও হাসির খোরাক জুগিয়েছে নেটদুনিয়ায়। ভোটের প্রচারে যে প্রতিটি শব্দেরই গুরুত্ব রয়েছে, সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা।