Advertisement

Unique Story: পোষ্য টিয়াকে খুঁজতে শহরজুড়ে পোস্টার, ১১ হাজার টাকা পুরস্কার ঘোষণা পরিবারের

প্রিয় পাখির খোঁজে গোটা শহরে পোস্টার লাগাচ্ছে একটি পরিবার। শুধু তাই নয়, টিয়াটিকে নিরাপদে ফিরিয়ে দিতে পারলে দেওয়া হবে ১১ হাজার টাকা নগদ পুরস্কার। উত্তরপ্রদেশের বারাণসীর ঘটনা।

টিয়াটিকে নিরাপদে ফিরিয়ে দিতে পারলে দেওয়া হবে ১১ হাজার টাকা নগদ পুরস্কার। টিয়াটিকে নিরাপদে ফিরিয়ে দিতে পারলে দেওয়া হবে ১১ হাজার টাকা নগদ পুরস্কার।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Nov 2026,
  • अपडेटेड 5:36 PM IST
  • প্রিয় পাখির খোঁজে গোটা শহরে পোস্টার লাগাচ্ছে একটি পরিবার।
  • ফিরিয়ে দিতে পারলে দেওয়া হবে ১১ হাজার টাকা নগদ পুরস্কার।
  • উত্তরপ্রদেশের বারাণসীর ঘটনা।

বাড়িতে টাইলস বসানোর কাজ চলছিল। আচমকাই মেশিনের বিকট শব্দে ভয় পেয়ে উড়ে যায় পোষ্য টিয়া। তার পর কেটে গিয়েছে বেশ কয়েক দিন। কিন্তু এখনও বাড়ি ফেরেনি সে। প্রিয় পাখির খোঁজে গোটা শহরে পোস্টার লাগাচ্ছে একটি পরিবার। শুধু তাই নয়, টিয়াটিকে নিরাপদে ফিরিয়ে দিতে পারলে দেওয়া হবে ১১ হাজার টাকা নগদ পুরস্কার। উত্তরপ্রদেশের বারাণসীর ঘটনা।

বারাণসীর দারানগর এলাকার বাসিন্দা অরবিন্দ মৌর্য। প্রায় ১০ বছর আগে তিনি একটি টিয়া পাখি পুষেছিলেন। তার নাম রাখা হয়েছিল অ্যালেক্স। দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গেই থাকত সে। বাড়ির সদস্যদের সঙ্গে তার বেশ ভাবও হয়ে গিয়েছিল। পরিবারের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছিল পাখিটি।

কিন্তু গত ১৬ নভেম্বর ঘটে বিপত্তি। বাড়িতে টাইলস বসানোর কাজ চলছিল। সেই সময় মেশিনের জোরালো আওয়াজে ভয় পেয়ে যায় অ্যালেক্স। কিছু বুঝে ওঠার আগেই বাড়ি থেকে উড়ে যায় সে। প্রথমে আশপাশের এলাকায় খোঁজ করেন পরিবারের সদস্যেরা। স্থানীয়দের কাছেও জানতে চান। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।

কাশীর অলিগলিতে অ্যালেক্সের ছবি
এর পরেই পোস্টার লাগানোর সিদ্ধান্ত নেয় পরিবার। অ্যালেক্সের ছবি দিয়ে বারাণসীর বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো হচ্ছে। তাতে লেখা রয়েছে, পাখিটিকে খুঁজে নিরাপদে ফিরিয়ে দিতে পারলে ১১ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। পরিবারের আশা, কেউ না কেউ নিশ্চয়ই অ্যালেক্সকে দেখেছেন। হয়তো কোনও বাড়ির ছাদে বা গাছের ডালে বসে রয়েছে সে।

অ্যালেক্সের মালকিন শিখা মৌর্য জানিয়েছেন, পাখিটি হারিয়ে যাওয়ার পর থেকে বাড়িতে মন খারাপের পরিবেশ। পরিবারের পোষ্য কুকুরটিও অ্যালেক্সের সঙ্গে সময় কাটাত। তার হারিয়ে যাওয়ার পর কুকুরটিও চুপচাপ হয়ে গিয়েছে। শিখার কথায়, অ্যালেক্স চলে যাওয়ার পর বাড়ির স্বাভাবিক ছন্দটাই যেন হারিয়ে গিয়েছে।

আগেও একবার হারিয়ে গিয়েছিল অ্যালেক্স
২০১৯ সালেও একবার বাড়ি থেকে উড়ে গিয়েছিল অ্যালেক্স। সে বার অনেক খোঁজাখুঁজির পর বারাণসীর খজুরি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পাখিটিকে ফিরিয়ে দেওয়ার জন্য সে বার ৫১০০ টাকা পুরস্কার দেওয়া হয়েছিল।

Advertisement

এ বার অরবিন্দ মৌর্য ১১ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন। তাতেও অ্যালেক্সের খোঁজ না মিললে পুরস্কারের অঙ্ক বাড়িয়ে ২১ হাজার টাকা করার কথা জানিয়েছেন তিনি। সঙ্গে দেওয়া হবে বিশেষ উপহারও।

পরিবারের একটাই আবেদন, কোথাও অ্যালেক্সকে দেখতে পেলে খবর দিন। ১০ বছরের সঙ্গীকে ফিরে পাওয়ার আশাতেই এখন দিন গুনছে মৌর্য পরিবার।

দ্রষ্টব্য: টিয়া, চন্দনা, ময়না জাতীয় ভারতীয় দেশীয় পাখি পোষা আইনত অপরাধ।  

Read more!
Advertisement
Advertisement