Advertisement

Riddhipratim Basu: বিশ্বের অন্যতম জটিল 'অঙ্কে'র সমাধান, বিরাট স্বীকৃতি বাংলার ঋদ্ধিপ্রতিমের

কলকাতার আইএসআই থেকে আন্তর্জাতিক স্বীকৃতি! কয়েক দশকের অমীমাংসিত অঙ্কের সমস্যার সমাধান করে ইনফোসিস পুরস্কার পেলেন ঋদ্ধিপ্রতিম।

বিশ্বকে চমকে দিলেন বাঙালি গণিতজ্ঞ ঋদ্ধিপ্রতিম বসু।বিশ্বকে চমকে দিলেন বাঙালি গণিতজ্ঞ ঋদ্ধিপ্রতিম বসু।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Nov 2026,
  • अपडेटेड 3:44 PM IST
  • কলকাতার আইএসআই থেকে আন্তর্জাতিক স্বীকৃতি।
  • অঙ্কের সমস্যার সমাধান করে ইনফোসিস পুরস্কার পেলেন ঋদ্ধিপ্রতিম।

কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)-এ পড়াশোনা। তারপর আমেরিকার বার্কলে, স্ট্যানফোর্ড ঘুরে গবেষণার কাজ বেঙ্গালুরুর প্রতিষ্ঠানে। বহু বছরের অমীমাংসিত একটি অঙ্কের সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন বাঙালি গণিতজ্ঞ ঋদ্ধিপ্রতিম বসু। গবেষণার স্বীকৃতি হিসেবে পেলেন ইনফোসিস পুরস্কার ২০২৬-এ। গণিত বিজ্ঞানের বিভাগে এই সম্মান পেয়েছেন। সম্ভাবনা তত্ত্ব এবং পরিসংখ্যানগত পদার্থবিদ্যায় অবদানের জন্য এই পুরস্কার।

সমস্যাটির নাম ‘স্লো-বন্ড প্রবলেম’। অঙ্ক শুনে ঘাবড়ানোর কিছু নেই। বিষয়টি সহজ ভাষায় বোঝা যাক। 

ধরুন একটি রাস্তায় দাঁড়িয়ে আছেন। সিঙ্গেল লেন। পরপর সারিবদ্ধভাবে গাড়ি এগোচ্ছে। সামনের গাড়ি সরে গেলেই পিছনের গাড়ি এগোতে পারবে। এবার রাস্তার একটি নির্দিষ্ট জায়গায় সামান্য বাধা তৈরি হল। তাতে কি গোটা রাস্তার সমস্ত গাড়িই চলার গতি কমে যাবে? কয়েক দশক ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন গণিতজ্ঞরা।

ঋদ্ধিপ্রতিম বসু, ভ্লাদাস সিডোরাভিসিয়াস এবং অ্যালান স্লাই যৌথ গবেষণায় দেখান, একটি মাত্র সংযোগস্থলে বাধা সামান্য হলেও তার প্রভাব গোটা সিস্টেমে পড়ে। অর্থাৎ, ওই বাধা সামগ্রিক ফ্লো কমিয়ে দেয়। এর ফলে দীর্ঘদিনের অমীমাংসিত এক প্রশ্নের উত্তর মিলল। পরে সৌরভ সরকার ও অ্যালান স্লাইয়ের সঙ্গে গবেষণায়, কোনও বাধার দু’পাশে কণার ঘনত্ব কীভাবে বদলায়, তা নিয়েও একটি গুরুত্বপূর্ণ এস্টিমেট বের করেন তিনি।

ঋদ্ধিপ্রতিমের গবেষণা শুধু এই সমস্যাতেই সীমাবদ্ধ নয়। এলোমেলোভানে বৃদ্ধি, পারকোলেশন তত্ত্ব এবং বিরল ঘটনার গাণিতিক বিশ্লেষণেও তাঁর উল্লেখযোগ্য কাজ রয়েছে।  

কলকাতার আইএসআই থেকে ২০০৯ সালে স্ট্যাটিস্টিকসে স্নাতক। ২০১১ সালে স্নাতকোত্তর ডিগ্রি। ২০১৫ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলে ক্যাম্পাস থেকে পিএইচডি করেন। পরে স্ট্যানফোর্ডে দু’বছর অধ্যাপনার পর ২০১৭ সালে ভারতে ফিরে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের অধীন বেঙ্গালুরুর ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিয়োরেটিক্যাল সায়েন্সেসে যোগ দেন। বর্তমানে তিনি সেখানকার সহযোগী অধ্যাপক। এর আগে রামানুজন ফেলোশিপ, ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমির তরুণ বিজ্ঞানী পদক-সহ একাধিক সম্মান পেয়েছেন। ২০২৫ সালে ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্সেসের ফেলো নির্বাচিত হন।  

Advertisement

প্রথম-প্যাসেজ পারকোলেশন এবং লাস্ট-প্যাসেজ পারকোলেশনের মতো জটিল ক্ষেত্রেও তাঁর কাজ গবেষকদের নতুন দিশা দেখিয়েছে। বিশেষত, নির্ভুল সূত্রে সমাধান করা যায় না, এমন মডেলেও সম্ভাবনার সাহায্যে ফল বার করার পদ্ধতি বের করে দেখিয়েছেন।

Read more!
Advertisement
Advertisement