
World's Oldest Book: পৃথিবীর প্রথম বই কোনটি? ছাপাখানা আবিষ্কারের বহু হাজার বছর আগেই মানুষ লিখিত আকারে জ্ঞান, ইতিহাস, ধর্মীয় বিশ্বাস এবং জীবনযাপনের কথা সংরক্ষণ করতে শুরু করেছিল। তবে ইতিহাসবিদদের মতে, পৃথিবীর প্রথম বই কোনটি, তা সুনিশ্চিতভাবে বলা কঠিন। কারণ, বইয়ের সংজ্ঞা এবং প্রাচীন পাণ্ডুলিপির বয়স; দু’টিই এখানে গুরুত্বপূর্ণ।
প্রাচীনতম সাহিত্যকর্মের অন্যতম নিদর্শন হল সুমেরীয় সভ্যতার 'কেশ মন্দিরের স্তোত্র' (Kesh Temple Hymn)। আনুমানিক খ্রিস্টপূর্ব ২৬০০-তে মাটির ফলকে কিউনিফর্ম লিপিতে এটি লেখা হয়েছিল। দেবী নিনহুরসাগ এবং তাঁর মন্দিরের প্রশংসায় রচিত হয়েছিল এই স্তোত্র। একই সময়ের কাছাকাছি পাওয়া যায় 'ইনস্ট্রাকশনস অব শুরুপাক' (Instructions of Shuruppak)। সেখানে এক পিতা তাঁর ছেলেকে জীবনের নানা বিষয়ে উপদেশ দিচ্ছেন।
ইতিহাসের প্রাচীনতম রচনার তালিকায় আরও কয়েকটি নাম রয়েছে।
পিরামিড টেক্সটস: আনুমানিক খ্রিস্টপূর্ব ২৪০০-২৩০০ অব্দে মিশরের পিরামিডের দেওয়ালে খোদাই করা হয়েছিল ধর্মীয় মন্ত্র ও পরকাল সংক্রান্ত নানা লেখা। তবে সেগুলি সরাসরি বই বলা যায় না।
এপিক অব গিলগামেশ: মেসোপটেমিয়ার মহাকাব্য। বিশ্বের প্রাচীনতম কাহিনিগুলির মধ্যে অন্যতম। খ্রিস্টপূর্ব ২১০০ অব্দের আশেপাশের হবে। রাজা গিলগামেশের অভিযান, বন্ধুত্ব, মৃত্যু এবং অমরত্বের সন্ধানই এর মূল বিষয়। ইন্টারনেটে সার্চ করলেই পিডিএফ পেয়ে যাবেন।
ঋগবেদ: প্রাচীন বইয়ের আলোচনা হবে, আর বেদ আসবে না, তা কি কখনও হয়? ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ধর্মীয় রচনা এটি। দীর্ঘদিন মৌখিক পরম্পরাতেই বেদ সংরক্ষিত ছিল। পরে তা লিপিবদ্ধ হয়।
তবে ছাপা বইয়ের ইতিহাস তুলনামূলকভাবে কম পুরনো। তারিখ-উল্লেখিত রয়েছে, এমন বিশ্বের প্রাচীনতম মুদ্রিত বই হল চিনের 'ডায়মন্ড সূত্র' (Diamond Sutra)। ৮৬৮ সালের ১১ মে কাঠের ব্লকে ছাপিয়ে তৈরি হয়েছিল এই বৌদ্ধ ধর্মগ্রন্থ। প্রায় পাঁচ মিটার লম্বা কাগজের স্ক্রলে লেখা। বইটি বর্তমানে লন্ডনের ব্রিটিশ লাইব্রেরিতে সংরক্ষিত।
তাহলে জানলেন তো, বইয়ের ইতিহাস ঠিক কতটা পুরনো। তাই এরপর যখনই কোনও বই পড়বেন, বুঝবেন, আপনার কয়েকশো পুরুষ আগেকার সেই অভ্যাসই আপনি বহন করে চলেছেন।