বাইক থেকে পড়ে একটা পা ভেঙে গিয়েছিল। অসহ্য যন্ত্রণা, মনে ছিল বাঁচার আশা। পরিবারের লোকজন ভেবেছিলেন, সরকারি হাসপাতালে গেলেই হয়তো চিকিৎসা শুরু হবে। ডাক্তার দেখবেন, ব্যথা কমবে, ভাঙা পায়ে প্লাস্টার হবে। কিন্তু হাসপাতালে পৌঁছে যে দৃশ্য সামনে এল, তা দেখে হতবাক হয়ে গেলেন সবাই। প্লাস্টারের বদলে ভাঙা পায়ের সঙ্গে জড়িয়ে দেওয়া হলো কার্ডবোর্ড। তার ওপর কাপড় আর তুলো দিয়ে পুরো পা মুড়ে দেওয়া হলো। তারপর বলা হলো, অন্য হাসপাতালে নিয়ে যান। যে জায়গায় মানুষ সুস্থ হওয়ার আশায় যায়, সেই হাসপাতাল থেকেই যদি এমন অভিজ্ঞতা নিয়ে ফিরতে হয়, তাহলে প্রশ্ন উঠবেই। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবকের পুরো পা তুলো এবং ব্যান্ডেজ দিয়ে এমনভাবে বাঁধা হয়েছে যে দেখে মনে হচ্ছে এটি কোনো জরুরি পরিস্থিতির সাময়িক ব্যবস্থা, চিকিৎসার শেষ ধাপ নয়।