উত্তরপ্রদেশের আগ্রার একটি বাড়িতে ডিপ ফ্রিজে জমে থাকা বরফের মধ্যে শিবলিঙ্গের মতো দেখতে একটি আকৃতি ঘিরে ব্যাপক চর্চা শুরু। ফ্রিজে সাক্ষাত্ অমরনাথ দর্শনের ভিড়। খবর ছড়িয়ে পড়তেই ওই বাড়িতে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দা ও ভক্তরা। অনেকেই এটিকে ভগবান শিবের অলৌকিক কৃপা বলে মনে করে পুজো-অর্চনা শুরু করেছেন। অন্যদিকে, অনেকের মতে এটি বরফ জমার স্বাভাবিক প্রক্রিয়ার ফল। ফলে ঘটনাটি ঘিরে আস্থা ও বিজ্ঞানের মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগ্রার খেরিয়া মোড় এলাকার নগলা ভুজা অঞ্চলের একটি বাড়িতে পরিবারের সদস্যরা ডিপ ফ্রিজ খুলতেই বরফের মধ্যে শিবলিঙ্গের মতো একটি আকৃতি দেখতে পান। বিষয়টি দ্রুত প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর একে একে বহু মানুষ ওই বাড়িতে পৌঁছে যান। কেউ হাতজোড় করে প্রার্থনা করেন, কেউ আবার জল, ফুল ও বেলপাতা দিয়ে পুজো দেন। গোটা এলাকায় 'হর হর মহাদেব' ধ্বনিও শোনা যায়। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর অনেক ভক্ত এই বরফের আকৃতির সঙ্গে জম্মু-কাশ্মীরের অমরনাথ গুহায় প্রাকৃতিকভাবে গড়ে ওঠা হিমলিঙ্গের তুলনা করতে শুরু করেন। ওই বাড়িতে উপস্থিত এক ধর্মগুরুও অমরনাথের সঙ্গে জড়িত ধর্মীয় কাহিনি শোনান, যা শুনতে ভিড় করেন বহু মানুষ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের ভিড় অব্যাহত ছিল বলেও স্থানীয়দের দাবি। এদিকে এই ঘটনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একাংশের দাবি, এটি ভগবান শিবের অলৌকিক কৃপা। অন্যদিকে, অনেকেই বলছেন, বরফ জমার সময় স্বাভাবিকভাবেই নানা ধরনের আকৃতি তৈরি হতে পারে, তাই একে অলৌকিক ঘটনা বলে দাবি করার আগে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিও বিবেচনা করা উচিত।