চলন্ত ট্রেনের কামরায় পুরোহিত মশাই বসে আছেন মেঝেতে, সামনে পুজোর উপাচার, মন্ত্রোচ্চারণ চলছে আর চারপাশে সাদা পোশাক পরা একদল ভক্ত হাত জোড় করে বসে আছেন। ট্রেনের চাকা রেললাইনের ওপর দিয়ে খটখট শব্দে ছুটে চলেছে, আর তারই মধ্যে চলছে পুরোদস্তুর অভিষেক ও আরতি। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ভারতীয় রেলের মতো একটি গণপরিবহণে, যেখানে তিল ধারণের জায়গা থাকে না, সেখানে কীভাবে এমন প্রকাশ্য ধর্মীয় আচার সম্পন্ন হতে পারে, তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহল এবং বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই ময়দানে নামতে বাধ্য হলো উত্তর রেল বা নর্দার্ন রেলওয়েজ।