
Raiganj Sarada Vidyamandir High School Success: মাধ্যমিকের ফল বেরোতেই উত্তরবঙ্গজুড়ে খুশির হাওয়া। তবে এবারের সাফল্যের সব আলো কেড়ে নিল রায়গঞ্জ সারদা বিদ্যামন্দির (হাই স্কুল)। রাজ্যের মেধাতালিকায় এক-আধজন নয়, এই স্কুলের মোট ৯ জন শিক্ষার্থী প্রথম দশে জায়গা করে নিয়ে কার্যত ইতিহাস গড়ল। স্কুলের এই অভাবনীয় সাফল্যে এখন উৎসবের মেজাজ কুলিক তীরের এই শহরে।
এবারের মাধ্যমিক পরীক্ষায় এই স্কুলের মুকুটে শ্রেষ্ঠত্বের পালকটি গুঁজে দিয়েছে অভিরূপ ভদ্র। লড়াকু এই ছাত্র রাজ্যে প্রথম স্থান অধিকার করে রায়গঞ্জের নাম উজ্জ্বল করেছে। তবে অভিরূপ একা নয়, তার সঙ্গে চতুর্থ থেকে দশম স্থানের নানা ধাপে রয়েছে এই স্কুলের আরও আট সহপাঠী। মেধার এমন সুষম বণ্টনে অবাক শিক্ষা মহলও।
মেধাতালিকায় চতুর্থ স্থান পেয়েছে সৌদীপ দাস। পঞ্চম হয়েছে সমন্বয় দেবনাথ। অষ্টম স্থানে রয়েছে দু’জন— সমন্বয় নস্কর ও চেতসী রায়। নবম স্থান অধিকার করেছে সৌম্যদীপ রায় ও বিবেক সিংহ। আর ঠিক দশম স্থানে নাম তুলেছে তানভীর সাকিব ও প্রাঞ্জল মণ্ডল। দশের তালিকায় নিজেদের ন’জন প্রতিনিধিকে দেখে উচ্ছ্বসিত গোটা স্কুল।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের মাধ্যমিক পরীক্ষায় মোট ১৫৩ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। সবচেয়ে বড় তৃপ্তি এটাই যে, শুধু প্রথম দশ নয়, স্কুলের প্রতিটি ছাত্রছাত্রীই কৃতিত্বের সঙ্গে পাশ করেছে। পাশের হার যেমন ১০০ শতাংশ, তেমনই নম্বরের নিরিখেও অধিকাংশের ফল নজরকাড়া।
স্কুলের এই চোখধাঁধানো ফলের পেছনে রয়েছে গত কয়েক বছরের কঠোর পরিশ্রম। প্রধান আচার্য চিত্তরঞ্জন মণ্ডল অত্যন্ত আনন্দিত। তাঁর কথায়, “২০২০ সাল থেকেই আমাদের ছাত্রছাত্রীরা ধারাবাহিকভাবে মেধাতালিকায় জায়গা পাচ্ছিল। গত সাত বছর ধরে চেষ্টার কোনও ত্রুটি ছিল না। তবে এবারের সাফল্য আগের সব রেকর্ড চুরমার করে দিয়েছে।”
এই জয়ের পেছনে রহস্য কী? প্রধান আচার্য মনে করেন, স্কুলের সুশৃঙ্খল পঠনপাঠন আর শৃঙ্খলাবদ্ধ জীবনই সাফল্যের চাবিকাঠি। তিনি জানান, শুধু শিক্ষকদের পরিশ্রম নয়, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের যৌথ প্রচেষ্টাতেই আজ রায়গঞ্জ সারা রাজ্যের কাছে শিক্ষার মডেল হয়ে দাঁড়িয়েছে।
অভিরূপের প্রথম হওয়া থেকে শুরু করে প্রাঞ্জলের দশম হওয়া— প্রতিটির পেছনে রয়েছে নিরলস সাধনা। অভিরূপের বাড়িতে এখন মিষ্টিমুখের ভিড়। শুধু পরিবারের লোকজন নয়, পাড়া-প্রতিবেশী এবং স্কুলের বন্ধুরাও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে রায়গঞ্জে ভিড় জমাচ্ছেন।
এই ফলাফল প্রমাণ করল, কলকাতার বাইরে মফস্বলের স্কুলগুলিও মেধার লড়াইয়ে সমানে পাল্লা দিতে জানে। রায়গঞ্জ সারদা বিদ্যামন্দিরের এই রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স আগামী দিনের পরীক্ষার্থীদের কাছে এক বিশাল অনুপ্রেরণা হয়ে থাকবে। উত্তর দিনাজপুরের মুকুটে এই পালক নতুন দিগন্তের সূচনা করল।