
Siliguri Land Mafia News KGF Gang: রামকৃষ্ণ মিশনের জমি দখলের ক্ষত এখনও টাটকা। তার রেশ কাটতে না কাটতেই ফের শিলিগুড়িতে জমি মাফিয়াদের দাপট। এবার ইস্টার্ন বাইপাস সংলগ্ন উত্তর একটিয়াশাল এলাকায় প্রায় দেড় একর জমি গায়ের জোরে দখল করার অভিযোগ উঠল কুখ্যাত ‘কেজিএফ গ্যাং’-এর বিরুদ্ধে। অভিযোগের তির সেই চেনা প্রভাবশালী চক্রের দিকে, যারা কি না শাসকদলের ছত্রছায়ায় থেকে শহরের জমি মানচিত্র বদলে দিচ্ছে বলে স্থানীয়দের দাবি।
শিলিগুড়ির পুলিশ কমিশনার অবশ্য জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা ছিল না; তিনি দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে, বারবার কেন এই এক গ্যাংয়ের নামেই জমি দখলের অভিযোগ উঠছে এবং কেনই বা পুলিশ নীরব থাকছে? সরকার বদলে কি সুরাহা মিলবে? এমন প্রশ্ন উঠছে এলাকায়।
জমিটির প্রকৃত মালিক বলে দাবি করা অনুপম মৈত্রর অভিযোগ, গত এপ্রিল মাসে অতর্কিতে জেসিবি মেশিন নিয়ে জমিতে চড়াও হয় একদল দুষ্কৃতী। সেখানে থাকা পুরনো নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি নিরাপত্তারক্ষীকে বেধড়ক মারধর করা হয়। এরপরই রাতারাতি জমির মালিকানা দাবি করে ‘নিলম সারিয়া’ নামক এক ব্যক্তির নাম ফলক টাঙিয়ে দেওয়া হয়। ঘটনার পরেই ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন অনুপমবাবু। কিন্তু পুলিশের ‘নিষ্ক্রিয়তায়’ বাধ্য হয়ে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালত ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেও, অভিযোগ, আইন বুড়ো আঙুল দেখিয়ে সেখানে নতুন ঘর তুলে নিরাপত্তারক্ষী বসিয়ে দিয়েছে দখলদাররা।
মঙ্গলবার ঘটনাস্থলে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দেন জমি হারানো অনুপম মৈত্র। তাঁর সোজাসাপ্টা প্রশ্ন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন পুলিশ ব্যবস্থা নিচ্ছে না? সূত্রের খবর, বিধান মার্কেটের এক প্রভাবশালী ব্যবসায়ীর হয়েই এই ‘কেজিএফ গ্যাং’ অপারেশন চালিয়েছে। ঠিক একই কায়দায় বছর দুয়েক আগে সেবক রোডে রামকৃষ্ণ মিশনের জমিও হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল এই গ্যাং, যাদের পিছনে শাসকদলের প্রথম সারির নেতাদের মদত ছিল বলে অভিযোগ।