
West Bengal Election Results 2026: রাজ্যে ক্ষমতার অলিন্দে পালাবদল ঘটতেই পাহাড় থেকে সমতল, ছবিটা রাতারাতি বদলে গেল। দীর্ঘদিনের ‘শোষণ’ আর ‘তোলাবাজি’র অবসান ঘটাতে এবার সরাসরি অ্যাকশনে নামল জিএনএলএফ এবং বিজেপি। বৃহস্পতিবার একদিকে যেমন জিএনএলএফ-এর বিক্ষোভে বন্ধ হয়ে গেল কার্শিয়াং-দার্জিলিংগামী রোহিণী রোডের টোল প্লাজ়া, তেমনই মঙ্গলবার ফুলবাড়ি বাইপাসে বিতর্কিত টোল প্লাজায় তালা ঝুলিয়ে দিল বিজেপি সমর্থকরা। সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভকে হাতিয়ার করেই এই ‘জনগণের মুক্তি’ বলে দাবি রাজনৈতিক মহলের।
পাহাড়ে জিএনএলএফ-এর হুঙ্কার
রোহিণী রোডটি আসলে জিএনএলএফ নেতা প্রয়াত সুবাস ঘিসিংয়ের মানসপিল্ক। জিটিএ-র অধীনে এখানে পর্যটনের নামে টোল আদায় করা হতো। বৃহস্পতিবার জিএনএলএফ নেতা নিমা লামার নেতৃত্বে এক বিশাল মিছিল রোহিণী টোল প্লাজায় পৌঁছায়। পুলিশের উপস্থিতিতেই খুলে ফেলা হয় জিটিএ-র সাইনবোর্ড, মুছে দেওয়া হয় নাম। নিমা লামার সাফ কথা, "নেতার নামে তৈরি রাস্তায় বেআইনি টোল আদায় সহ্য করা হবে না।" ঘটনার আকস্মিকতায় কাজ ফেলে চম্পট দেন টোল কর্মীরা। চালকদের মুখে এখন চওড়া হাসি। তবে জিএনএলএফ হুঁশিয়ারি দিয়ে রেখেছে, ভবিষ্যতে ফের টোল চালুর চেষ্টা হলে আন্দোলন হবে আরও ভয়ংকর।
সমতলে বিজেপির দাপট
অন্যদিকে, ১৫ বছর পর পরিবর্তনের আঁচ লেগেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতেও। বাম আমলে শুরু হওয়া এই টোল প্লাজাটি ২০১১ থেকে এসজেডিএ-র হাতে ছিল। অভিযোগ, কোনও বৈধ রসিদ ছাড়াই ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ‘তোলা’ আদায় করত শাসকদলের সিন্ডিকেট। মঙ্গলবার নির্বাচনী ফল বেরোতেই ফুলবাড়িতে হানা দেন বিজেপি কর্মীরা। সেখানে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়। ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়িকা শিখা চট্টোপাধ্যায়ের স্পষ্ট দাবি, "ওই টোল প্লাজাটি অবৈধ সিন্ডিকেট রাজের আড্ডা হয়ে উঠেছিল। মানুষ আর সহ্য করেনি।"
খুশি ট্রাক চালকরা
টোল বন্ধ হতেই উৎসবের মেজাজ লরি ও ট্রাক চালকদের মধ্যে। তামিলনাড়ু থেকে আসা চালক সমীর উচ্ছ্বসিত হয়ে জানালেন, "বাংলায় ঢুকলেই টাকা দিতে হতো। এখন থেকে গোটা দেশে শান্তিতে ট্রাক চালানো যাবে।" রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশাসনের শীর্ষস্তরের পরিবর্তনের চেয়েও সাধারণ মানুষের কাছে এই ‘টোল-মুক্তি’ অনেক বেশি স্বস্তির। ফুলবাড়ি বা রোহিণী, সর্বত্রই এখন ‘সিন্ডিকেট রাজ’ পতনের উল্লাস।