
Bagdogra Bus Accident: বাগডোগরার বিহারমোড় ট্রাফিক পয়েন্টের কাছে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। রায়গঞ্জ থেকে ফালাকাটা এবং আলিপুরদুয়ারগামী একটি যাত্রীবাহী বাস এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ বিহারমোড় এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনাটি ঘটে। বাসটি স্টপেজে দাঁড়িয়ে কিছু যাত্রী নামানোর পর চালক পুনরায় সেটি চালু করতেই বুঝতে পারেন যে গাড়ির ব্রেক ফেল হয়েছে। চালক তৎক্ষণাৎ যাত্রীদের সতর্ক করলে বাসের ভিতরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চলন্ত বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ জন যাত্রী কমবেশি আহত হন এবং আতঙ্কের চোটে এক যাত্রী আচমকা অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনার পর থেকেই বাসের চালক এবং কন্ডাক্টর দুজনেই এলাকা থেকে চম্পট দিয়েছে। বাগডোগরা থানার পুলিশ ঘাতক বাসটিকে ইতিমধ্যেই নিজেদের হেপাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক চালক ও কন্ডাক্টরের খোঁজ চালাচ্ছে।
উত্তেজিত পরিস্থিতির মাঝেই চলন্ত বাস থেকে তড়িঘড়ি নামতে গিয়ে এক দুর্ভাগ্যবশত যাত্রী বাসের পিছনের চাকার নীচে পড়ে যান। ঘটনাস্থলেই চাকার নীচে পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বাগডোগরা ট্রাফিক গার্ডের আধিকারিকরা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নিশ্চিত করেছেন যে মৃত ব্যক্তি ওই বাসেরই একজন যাত্রী ছিলেন। তবে এখনও পর্যন্ত মৃত ওই ব্যক্তির নাম বা পরিচয় জানা সম্ভব হয়নি।
এদিকে প্রত্যক্ষদর্শী এবং বাসের এক যাত্রী জানিয়েছেন, চালকের বুদ্ধিমত্তার কারণেই আজ এক বিরাট বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। ব্রেক ফেল হওয়ার কথা বুঝতে পেরে চালক বাসটিকে ডানদিকে ঘুরিয়ে উড়ালপুলের একটি পিলারে ধাক্কা মেরে থামানোর চেষ্টা করেন। স্থানীয়দের দাবি চালক যদি বাসটিকে ডানদিকে না ঘুরিয়ে বাম দিকে ঘোরাতেন তবে সেখানে দাঁড়িয়ে থাকা সারিবদ্ধ টোটো এবং এটিএমের লাইনে থাকা বহু মানুষ বাসের তলায় চাপা পড়তেন।
চালকের এই ত্বরিত সিদ্ধান্তের ফলে স্থানীয় বহু মানুষের প্রাণ বাঁচলেও ট্রাফিক পয়েন্ট এবং উড়ালপুলের নীচের এই বিপজ্জনক টার্নিং পয়েন্টটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মনে ক্ষোভ ও আতঙ্ক দানা বেঁধেছে। বর্তমানে আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।