
BJP Candidate Sabitri Barman Accident: প্রধানমন্ত্রীর সভার আগের রাতে বড়সড় দুর্ঘটনা। প্রচার সেরে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হলেন শীতলকুচির বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচি ব্লকের পচাগড় এলাকায়। বর্তমানে তিনি ও তাঁর গাড়িচালক মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
দলীয় সূত্রে খবর, শনিবার রাতভর নির্বাচনী প্রচার সেরে নিজের গাড়িতে বাড়ি ফিরছিলেন সাবিত্রীদেবী। রাত পৌনে ১২টা নাগাদ শিকারপুর এলাকায় একটি দ্রুতগামী ট্রাক আচমকাই উল্টো দিক থেকে এসে তাঁর গাড়িতে সজোরে ধাক্কা মারে। ঘাতক ট্রাকটিকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রার্থীর গাড়িটি রাস্তার পাশের একটি নয়ানজুলিতে উল্টে যায়। দুমড়ে-মুচড়ে যায় গাড়ির একাংশ। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁদের উদ্ধার করেন। রাতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বরাতজোরে বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পেলেও প্রার্থী সাবিত্রী বর্মন, তাঁর চালক পরিতোষ বর্মন সহ গাড়িতে থাকা আরও দুজন গুরুতর জখম হয়েছেন। এই প্রথম ভোটের ময়দানে নেমেছেন সাবিত্রী বর্মন। মনোনয়ন জমা দেওয়ার পর জোরকদমে প্রচার চালাচ্ছিলেন তিনি, কিন্তু রবিবাসরীয় সকালে মোদীর সভার আগে এই দুর্ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গেরুয়া শিবিরে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙা থানার পুলিশ। দুর্ঘটনাকবলিত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক ডাম্পারটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। রবিবার কোচবিহারে প্রধানমন্ত্রীর সভার আগেই এই দুর্ঘটনা এবং ‘ষড়যন্ত্র’র অভিযোগে বিজেপি শিবিরের অন্দরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
এই দুর্ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ প্রার্থীর স্বামী দীনেশ বর্মন। তিনি সংবাদমাধ্যমের কাছে অভিযোগ তুলে বলেন, ইচ্ছাকৃতভাবে এই দুর্ঘটনা ঘটিয়ে প্রার্থীর জীবন নাশ করার চক্রান্ত করা হয়েছে। নির্বাচনের ঠিক মুখে এই ধরনের ঘটনা শীতলকুচির রাজনৈতিক পরিস্থিতিকে তপ্ত করে তুলেছে।
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার গ্রামবাসীর মৃত্যুতে রক্তাক্ত হয়েছিল এই শীতলকুচিই। সেই বিতর্কিত স্মৃতি আজও টাটকা রাজনৈতিক মহলে। ফলে এবারও স্পর্শকাতর এই জনপদে ভোটের উত্তাপ যখন তুঙ্গে, ঠিক তখনই প্রার্থীর এমন দুর্ঘটনা ঘিরে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছেন বিজেপি নেতৃত্ব। ট্রাকটির সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।