
BJP Darjeeling candidate list 2026: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে পাহাড়ের রাজনৈতিক মানচিত্রের বিন্যাস বদলে দিল বিজেপি। বৃহস্পতিবার পাহাড়ের তিন আসনের প্রার্থী তালিকা ঘোষণা করতেই স্পষ্ট হয়ে গেল, পদ্ম-শিবির এবার জিএনএলএফ-এর বদলে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। দার্জিলিং কেন্দ্রে বিদায়ী বিধায়ক তথা জিএনএলএফ নেতা নীরজ জিম্বাকে ব্রাত্য রেখে গোর্খা জনমুক্তি মোর্চার নমন রাইকে প্রার্থী করেছে বিজেপি। যদিও নমন রাই লড়বেন পদ্মফুল প্রতীকেই। দীর্ঘদিনের সঙ্গী জিএনএলএফের কাউকে এবার পাহাড়ের কোনও আসনেই টিকিট না দেওয়া রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
পাহাড়ের বাকি দুটি আসন অর্থাৎ কার্শিয়াং ও কালিম্পং নিয়েও চমক দিয়েছে বিজেপি। গত বিধানসভা নির্বাচনে কার্শিয়াং থেকে জয়ী বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা সম্প্রতি তৃণমূলে যোগ দেওয়ায় কিছুটা অস্বস্তিতে ছিল গেরুয়া শিবির। সেই ড্যামেজ কন্ট্রোল করতে কার্শিয়াং আসনে এবার সোনম লামাকে ময়দানে নামানো হয়েছে। অন্যদিকে, কালিম্পং কেন্দ্রে বিজেপির টিকিটে লড়াই করবেন ভরত ছেত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিমল গুরুংয়ের সঙ্গে সদ্ভাব বাড়িয়ে পাহাড়ের ক্ষমতা দখল করাই এখন বিজেপির প্রধান রণকৌশল। গত লোকসভা নির্বাচনে গুরুংয়ের সমর্থন পাওয়ার পর থেকেই এই সুসম্পর্কের রসায়ন আরও জোরালো হয়েছে।
তবে এই প্রার্থী তালিকা ঘোষণা হতেই পাহাড়ের লড়াই এখন আক্ষরিক অর্থেই দ্বিমুখী হতে চলেছে। তৃণমূলের জোটসঙ্গী অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (BGPM) ইতিমধ্যেই তিন আসনে প্রার্থী ঘোষণা করেছে। অনীতের পাহাড় শাসন আর উন্নয়নের দাবির পালটা দিতে বিজেপি এবার গোর্খা সেন্টিমেন্ট এবং মোর্চার সাংগঠনিক শক্তিকে একজোট করতে চাইছে। বিশেষ করে দার্জিলিং আসনে নীরজ জিম্বার মতো বাগ্মী নেতাকে সরিয়ে নমন রাইকে নিয়ে আসার সিদ্ধান্ত পাহাড়ের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে।
জিএনএলএফ-এর সঙ্গে বিজেপির দীর্ঘদিনের সুসম্পর্ক থাকলেও, এবার কেন তাদের কাউকে টিকিট দেওয়া হলো না, তা নিয়ে দলের অন্দরেই গুঞ্জন শুরু হয়েছে। ২০১৯ এর উপনির্বাচন থেকে ২০২১ এর বিধানসভা নীরজ জিম্বা বা জিএনএলএফ প্রার্থীরা বিজেপির সমর্থনে বড় সাফল্য পেয়েছিলেন। কিন্তু এবার সমীকরণ বদলেছে। কার্শিয়াং ও কালিম্পং আসনে বিজেপি নিজেদের সংগঠনের ওপর ভরসা রাখলেও দার্জিলিং আসনটি গুরুং শিবিরের হাতে ছেড়ে দিয়ে আদতে মাস্টারস্ট্রোক দিতে চাইছে গেরুয়া নেতৃত্ব। এখন দেখার, পাহাড়ের এই ‘রদবদল’ ভোটের বাক্সে অনীত থাপার দাপট কমাতে কতটা সফল হয়।