Advertisement

Chakulia Bomb Blast: চাকুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণে উড়ল টিনের ঘর, গুরুতর জখম শিশুসহ ৪

Chakulia Bomb Blast: স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে এলাকার একটি পরিত্যক্ত টিনের ঘরে কয়েকটি শিশু খেলছিল। সেখানে বলের মতো গোলাকার কিছু বস্তু পড়ে থাকতে দেখে তারা সেগুলিকে খেলার বল মনে করে লোফালুফি শুরু করে।

Chakulia Bomb Blast: চাকুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণে উড়ল টিনের ঘর, গুরুতর জখম ৪ শিশুসহ গ্রামবাসীChakulia Bomb Blast: চাকুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণে উড়ল টিনের ঘর, গুরুতর জখম ৪ শিশুসহ গ্রামবাসী
Aajtak Bangla
  • চাকুলিয়া (উত্তর দিনাজপুর),
  • 05 Jun 2026,
  • अपडेटेड 3:56 PM IST

Chakulia Bomb Blast: উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় এক ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। পরিত্যক্ত ঘরে রাখা বোমা ‘বল’ ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণের শিকার হলো চারজন। এদের মধ্যে আট বছরের এক শিশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শুক্রবার চাকুলিয়ার সাহাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাগলপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে এলাকার একটি পরিত্যক্ত টিনের ঘরে কয়েকটি শিশু খেলছিল। সেখানে বলের মতো গোলাকার কিছু বস্তু পড়ে থাকতে দেখে তারা সেগুলিকে খেলার বল মনে করে লোফালুফি শুরু করে। আর তখনই ঘটে চরম বিপত্তি। বিকট শব্দে ফেটে যায় বোমাটি। বিস্ফোরণের তীব্রতায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আট বছরের এক শিশু, যার নাম দিলওয়ার। ঘটনায় দিলওয়ারের পাশাপাশি আরও তিনজন বোমার আঘাতে জখম হয়েছেন, যাদের মধ্যে দুজন মহিলাও রয়েছেন।

ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি দিলওয়ারকে উদ্ধার করে প্রথমে চাকুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত করেন। বাকি জখমীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় স্তরেই। জনবসতির মধ্যে এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিকে খবর পেয়েই চাকুলিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আপাতত দুর্ঘটনাগ্রস্ত পরিত্যক্ত ঘরটি পুলিশ ঘিরে রেখেছে। কারা এবং কী উদ্দেশ্যে জনবসতির মধ্যে পরিত্যক্ত ওই ঘরে বোমা মজুত করে রেখেছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় পাগলপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্থানীয় মানুষ ঘটনার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

Read more!
Advertisement
Advertisement