Advertisement

Coochbehar Double Murder: কোচবিহারে যুবক খুন, অভিযুক্তকে পিটিয়ে মারল জনতা; পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ

Coochbehar Double Murder: পুণ্ডিবাড়িতে ভরদুপুরে রক্তগঙ্গা, যুবককে গলা কেটে খুনের পর গণপিটুনিতে মৃত্যু আততায়ীর! ১৫ মিনিটের ব্যবধানে জোড়া লাশে স্তব্ধ কোচবিহার

কোচবিহারে জোড়া খুনকোচবিহারে জোড়া খুন
Aajtak Bangla
  • কোচবিহার,
  • 31 Mar 2026,
  • अपडेटेड 11:54 PM IST

Coochbehar Double Murder: মাত্র ১৫ থেকে ২০ মিনিটের ব্যবধানে জোড়া খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল কোচবিহারের পুণ্ডিবাড়ি এলাকায়। মঙ্গলবার বিকেলে পুণ্ডিবাড়ি থানার বোকালির মঠের রেললাইন সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এক যুবককে নৃশংসভাবে গলা কেটে খুনের পর, উত্তেজিত জনতার গণপিটুনিতে অভিযুক্তর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজনের নাম সুকুমার ভুঁইয়া। তিনি ওই এলাকারই বাসিন্দা ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার বিকেলে রেললাইনের ধারে হঠাৎই এক অজ্ঞাতপরিচয় যুবক সুকুমারের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই ওই যুবক সুকুমারের গলায় কোপ বসিয়ে দেয়। রক্তাত অবস্থায় ছটফট করতে করতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুকুমার। এই বীভৎস দৃশ্য দেখে শিউরে ওঠেন উপস্থিত সাধারণ মানুষ।

চোখের সামনে এমন নৃশংস খুন দেখে মুহূর্তের মধ্যে ক্ষোভে ফেটে পড়েন বোকালির মঠ এলাকার বাসিন্দারা। অভিযুক্ত পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে তাড়া করে ধরে ফেলেন। এরপরই শুরু হয় গণপ্রহার। উত্তেজিত জনতার মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই অজ্ঞাতপরিচয় অভিযুক্তর। মাত্র ১৫ থেকে ২০ মিনিটের ব্যবধানে দুটি নিথর দেহ পড়ে থাকতে দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায় এবং থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুণ্ডিবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। নিহত আততায়ীর নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এটি কোনও পুরনো শত্রুতার জের নাকি হঠাৎ কোনও বিবাদ থেকে এই ভয়ংকর কাণ্ড, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

 

Read more!
Advertisement
Advertisement