Advertisement

SIR-লিস্টে নাম বাদ, বহু নাম 'বিচারাধীন', বিক্ষোভে উত্তাল তুফানগঞ্জ; টায়ার জ্বালিয়ে অবরোধ

বিক্ষোভকারীদের অভিযোগ, বিশেষ সংশোধিত ভোটার তালিকায় প্রায় ২০০ জনের নাম বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৯০০ জনের নাম রাখা হয়েছে ‘বিচারাধীন’ তালিকায়। ফলে এলাকার বহু মানুষ ভোটাধিকার হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

SIR-লিস্টে নাম বাদ, বহু নাম 'বিচারাধীন', বিক্ষোভে উত্তাল তুফানগঞ্জ; টায়ার জ্বালিয়ে অবরোধSIR-লিস্টে নাম বাদ, বহু নাম 'বিচারাধীন', বিক্ষোভে উত্তাল তুফানগঞ্জ; টায়ার জ্বালিয়ে অবরোধ
Aajtak Bangla
  • 05 Mar 2026,
  • अपडेटेड 4:20 PM IST

ভোটার তালিকার SIR-র চূড়ান্ত তালিকা প্রকাশ ঘিরে উত্তেজনা ছড়াল কোচবিহারের তুফানগঞ্জ মহকুমায়। তালিকা থেকে বহু মানুষের নাম বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নেয় তুফানগঞ্জ (Tufanganj) এর তুফানগঞ্জ-২ ব্লকের শালবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের নাগুরুরহাট এলাকা। ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ টায়ার জ্বালিয়ে বোচামারি-তুফানগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

বিক্ষোভকারীদের অভিযোগ, বিশেষ সংশোধিত ভোটার তালিকায় প্রায় ২০০ জনের নাম বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৯০০ জনের নাম রাখা হয়েছে ‘বিচারাধীন’ তালিকায়। ফলে এলাকার বহু মানুষ ভোটাধিকার হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘নাগরিক মঞ্চ’-এর উদ্যোগে জাতীয় পতাকা হাতে সকাল থেকেই রাস্তায় নামেন গ্রামবাসীরা। অবরোধকারী অঞ্জলি সাহা ও জাহাঙ্গীর আলীদের অভিযোগ, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনেককে ‘বাংলাদেশি’ প্রমাণ করার চেষ্টা চলছে।

প্রায় দু’ঘণ্টা ধরে চলা এই অবরোধের ফলে বোচামারি-তুফানগঞ্জ রাজ্য সড়কে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট পুলিশ স্টেশন। প্রথমদিকে বিক্ষোভকারীরা অবস্থান থেকে সরতে রাজি না হলেও পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। যদিও এ বিষয়ে মন্তব্য করতে চাননি তুফানগঞ্জ মহকুমার শাসক কিংশুক মাইতি।

এদিকে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। বিজেপি নেতা সুশান্ত রাভার অভিযোগ, তৃণমূল কংগ্রেস রাজনৈতিক উদ্দেশ্যে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। পাল্টা ব্লক তৃণমূল সভাপতি নিরঞ্জন সরকার দাবি করেছেন, প্রকৃত ভোটারদের নাম বাতিলের পিছনে বিজেপিরই চক্রান্ত রয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement