Advertisement

চোর সন্দেহে ৪ নাবালককে মারধর, ডালখোলায় বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগে চাঞ্চল্য

শুক্রবার সকালে নাবালকদের পরিবার লিখিত অভিযোগ দায়ের করেন অর্জুন সরকার, নকুল সরকার, গোকুল সরকার, কৌশিক সরকার, বিক্কি মাহাতো এবং তুষার কান্তি সাহার বিরুদ্ধে। ঘটনার পর থেকে অর্জুন সরকার-সহ একাধিক অভিযুক্ত পলাতক।

begusarai minor beaten up: প্রতীকী ছবিbegusarai minor beaten up: প্রতীকী ছবি
Aajtak Bangla
  • ডালখোলা,
  • 20 Feb 2026,
  • अपडेटेड 11:30 PM IST

চুরির সন্দেহে চার নাবালককে বেধড়ক মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের ডালখোলায়। বৃহস্পতিবার রাতে ডালখোলা পুরসভার ৯ ও ১০ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটেছে। গুরুতর জখম অবস্থায় চার নাবালক বর্তমানে চিকিৎসাধীন। ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি নেতা অর্জুন সরকারের ভাই নকুল সরকারকে আটক করেছে ডালখোলা থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাইকের শোরুমে চুরির অভিযোগ তুলে চার নাবালককে আটক করেন অর্জুন সরকার ও তাঁর অনুগামীরা। অভিযোগ, এরপর তাঁদের উপর শারীরিক নির্যাতন চালানো হয়। শুক্রবার সকালে নাবালকদের পরিবার লিখিত অভিযোগ দায়ের করেন অর্জুন সরকার, নকুল সরকার, গোকুল সরকার, কৌশিক সরকার, বিক্কি মাহাতো এবং তুষার কান্তি সাহার বিরুদ্ধে। ঘটনার পর থেকে অর্জুন সরকার সহ একাধিক অভিযুক্ত পলাতক।

অর্জুন সরকার সংবাদমাধ্যমে দাবি করেছেন, তাঁর শোরুমে একাধিকবার চুরি হয়েছে এবং পুলিশে অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি। সেই ক্ষোভ থেকেই নাবালকদের জিজ্ঞাসাবাদ করা হয় বলে তাঁর বক্তব্য। যদিও নাবালকদের মারধর করা ঠিক হয়নি বলেও তিনি স্বীকার করেছেন।

আরও পড়ুন

এদিকে, এলাকায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, একাধিক চুরির ঘটনার তদন্তে সাফল্য না পাওয়ায় সাধারণ মানুষের আস্থা কমেছে। নিগৃহীত এক নাবালকের মা সঞ্জা বাসফোর কান্নায় ভেঙে পড়ে বলেন, ছেলেকে সুস্থ করার মতো আর্থিক সামর্থ্য তাঁদের নেই। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব পরিবার ও প্রতিবেশীরা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Read more!
Advertisement
Advertisement