Advertisement

দিনহাটায় হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৫ শ্রমিক, আশঙ্কাজনক ৩

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মুকুল বর্মন, রাজু সেন, মিঠুন পাল, সুমন এবং সঞ্জয় বর্মন। প্রত্যেকেই পেশায় রাজমিস্ত্রী ও তাঁদের সহকারী।

দিনহাটায় হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৫ শ্রমিক, আশঙ্কাজনক ৩দিনহাটায় হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৫ শ্রমিক, আশঙ্কাজনক ৩
Aajtak Bangla
  • 01 Mar 2026,
  • अपडेटेड 9:08 PM IST

কোচবিহারের দিনহাটায় ভয়াবহ দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পাঁচ শ্রমিকের। গুরুতর জখম হয়েছেন আরও তিন জন। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি। রবিবার দিনহাটার ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের ষষ্ঠীয়া গ্রামে স্টোন চিপ তৈরির একটি কারখানায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মুকুল বর্মন, রাজু সেন, মিঠুন পাল, সুমন এবং সঞ্জয় বর্মন। প্রত্যেকেই পেশায় রাজমিস্ত্রী ও তাঁদের সহকারী। এ দিন কারখানায় ঢালাইয়ের মেশিন সরানোর কাজ চলছিল। মেশিনের উপরে একটি লম্বা লোহার রড রাখা ছিল। অসাবধানতাবশত শ্রমিকরা মেশিন সরানোর সময় সেই রড নামাতে ভুলে যান।

এর ফলে লোহার রডটি আচমকা ১১ হাজার ভোল্টের হাই টেনশন বিদ্যুতের তারের সংস্পর্শে এসে যায়। সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিদ্যুৎস্পৃষ্ট হন শ্রমিকরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যে তাঁরা মাটিতে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে দেহগুলি থেকে দীর্ঘক্ষণ ধোঁয়া বের হতে দেখা যায় বলে স্থানীয় সূত্রে খবর।

আরও পড়ুন

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দিনহাটা থানার পুলিশ। আহত ও মৃতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পাঁচ জনকে মৃত ঘোষণা করেন। বাকি তিন জনের চিকিৎসা চলছে।

দিনহাটার বিধায়ক উদয়ন গুহ জানিয়েছেন, এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির রিজিওনাল আধিকারিক বিশ্বজিৎ দাস বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

দিনহাটার এসডিপিও প্রশান্ত দেবনাথ জানান, নির্মাণকাজে ব্যবহৃত লিফটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে তিন জন ভেটাগুড়ির বাসিন্দা এবং দু’জনের বাড়ি ওকরাবাড়ি এলাকায়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের আত্মীয়রা হাসপাতালে ভিড় করেন। কার গাফিলতিতে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ।
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement