Advertisement

Malda Murdered : দোলে রক্তাক্ত মালদা, কিশোরের গুলিতে নাবালকের মৃত্যু; গণধোলাইয়ে খুন বাবা

মালদায় দোলের রাতে বচসার জেরে কিশোরের গুলিতে প্রাণ গেল এক নাবালকের। প্রতিবাদে অভিযুক্তের বাবাকে বেধড়ক মারধর স্থানীয়দের। গণধোলাইয়ে মারা গেলেন সেই ব্যক্তিও। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা।

মালদায় উত্তেজনা মালদায় উত্তেজনা
Aajtak Bangla
  • মালদা ,
  • 05 Mar 2026,
  • अपडेटेड 5:03 PM IST
  • মালদায় দোলের রাতে বচসার জেরে কিশোরের গুলিতে প্রাণ গেল এক নাবালকের
  • প্রতিবাদে অভিযুক্তের বাবাকে বেধড়ক মারধর স্থানীয়দের

মালদায় দোলের রাতে বচসার জেরে কিশোরের গুলিতে প্রাণ গেল এক নাবালকের। প্রতিবাদে অভিযুক্তের বাবাকে বেধড়ক মারধর স্থানীয়দের। গণধোলাইয়ে মারা গেলেন সেই ব্যক্তিও। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা। এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে। কে বা কারা আরও যুক্ত ছিল, তাদের খোঁজ চলছে। 

ঘটনা মালদার মানিকচক থানার মথুরাপুর কাহার পাড়ার। সেদিন রাতে বচসাকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ ওঠে। অভিযোগ স্থানীয় রেশন ডিলার সমীর দাশগুপ্তর ছেলে তার বাবার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি চালায়। তাতে জখম হন এক নাবালক-সহ আরও দুই। তাঁদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। 

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা দানা বাঁধে। অভিযুক্ত কিশোরের বাইক ধাওয়া করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যান স্থানীয়রা। পালিয়ে যায় অভিযুক্ত। তখন তার বাড়িতে চড়াও হন এলাকাবাসী। সেই সময় বাড়িতেই ছিলেন সমীর। হাতের কাছে পেয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। কার্যত আধমরা হয়ে যান তিনি। 

তাঁকে পুলিশ উদ্ধার করে তড়িঘড়ি মানিকচক গ্রামীণ হাসপাতালের নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু, তাতে শেষরক্ষা হয়নি। রাস্তায় মারা যান তিনি। অন্যদিকে বুধবার রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে গুলিবিদ্ধ নাবালকের চিকিৎসা শুরু হলেও তাকে বাঁচানো যায়নি। বৃহস্পতিবার ভোরে মারা যায় সে। 

ঘটনার জেরে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মানিকচক থানার তরফে সেখানে পুলিশকর্মীদের মোতায়েন করা হয়। 

পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবার রাতে বাইক চালানোকে কেন্দ্র করে বচসার জেরে এই ঘটনা ঘটে। সমীরের ছেলের চালানো গুলিতে জখম হন ১০ বছরের সমর রজক ও আরও দুই ব্যক্তি। এদের মধ্যে রজকের মৃত্যু হয়। 

মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, এই ঘটনায় দুটো মামলা রুজু হয়েছে। ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্রও বাজেয়াপ্ত হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। 
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement