Advertisement

Malda Woman Mysterious Death: মালদায় খাটের নীচে গৃহবধূর রক্তাক্ত দেহ, খুনের অভিযোগ মেয়ের

Malda Woman Mysterious Death: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে গোয়ালা দুধ দিতে এসে বারবার ডাকাডাকি করেও কোনও সাড়া পাননি। সন্দেহ হওয়ায় তিনি প্রতিবেশীদের খবর দেন। পরে মেয়েকে জানানো হলে দরজা ভেঙে ঘরে ঢোকেন পরিবার ও পাড়া-প্রতিবেশীরা।

Woman Mysterious Death (Photo: Representational)Woman Mysterious Death (Photo: Representational)
Aajtak Bangla
  • মালদা,
  • 20 Feb 2026,
  • अपडेटेड 8:24 PM IST

Malda Woman Mysterious Death: বিধানসভা ভোটের আগে জেলায় উত্তেজনার আবহে ফের চাঞ্চল্য মালদহে। ইংরেজবাজার থানার মিল্কি খাসকোল এলাকায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম দয়া চৌধুরী (৪৬)। স্বামী সুবোধ চৌধুরীর মৃত্যু হয়েছে দু’বছর আগে ক্যানসারে। তারপর থেকে তিনি বাড়িতে একাই থাকতেন। দুই মেয়ে বিবাহিতা, একমাত্র ছেলে শংকর চৌধুরী কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে গোয়ালা দুধ দিতে এসে বারবার ডাকাডাকি করেও কোনও সাড়া পাননি। সন্দেহ হওয়ায় তিনি প্রতিবেশীদের খবর দেন। পরে মেয়েকে জানানো হলে দরজা ভেঙে ঘরে ঢোকেন পরিবার ও পাড়া-প্রতিবেশীরা। দেখা যায়, খাটের নীচে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন দয়াদেবী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মৃতার মেয়ে সিউটি চৌধুরীর অভিযোগ, “খাট থেকে পড়ে মৃত্যু হতে পারে না। পাশেই একটি ইট পাওয়া গিয়েছে। কেউ বা কারা ইট দিয়ে আঘাত করে মাকে খুন করেছে।” যদিও পুলিশ এখনও খুনের বিষয়টি নিশ্চিত করেনি। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “ঘরের ভিতর থেকে দেহ উদ্ধার হয়েছে। খুন নাকি অন্য কোনও কারণ, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

আরও পড়ুন

এলাকাবাসীর একাংশের দাবি, সম্প্রতি এলাকায় মাদকাসক্তদের দৌরাত্ম্য বেড়েছে। নেশার টাকা জোগাড় বা চুরির উদ্দেশ্যে কেউ হামলা চালিয়ে থাকতে পারে বলে সন্দেহ তাঁদের। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে মুখ খুলতে নারাজ পুলিশ। এখনও পর্যন্ত পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের না হলেও স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতিবেশীদের দাবি, ঘটনার আগের রাতেও মেয়েদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন দয়াদেবী। সকালে হঠাৎ এমন ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এখন দেখার, তদন্তে কী উঠে আসে।

Read more!
Advertisement
Advertisement