
Kaliachak Judicial Convoy Attack Controversy: গত ১ এপ্রিল সন্ধেয় কালিয়াচক-২ নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে বিচারকদের গাড়ি ঘেরাও কাণ্ডে নতুন তথ্য সামনে এল। অভিযোগ, বিডিও অফিসের সামনে থেকে জমায়েত হটিয়ে দেওয়ার পর বিচারকদের কনভয়টি যখন ফিরছিল, ঠিক তখনই হাইবাটলার কাছে শতাধিক উন্মত্ত জনতা পথ আটকায়। রীতিমতো ব্যারিকেড তৈরি করে ঘেরাও করা হয় সরকারি আধিকারিক ও বিচারকদের গাড়ি। শুধু তাই নয়, শুরু হয় মুষলধারে পাথরবৃষ্টি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বিচারকদের গাড়ি ভাঙচুর করাই ছিল দুষ্কৃতীদের মূল লক্ষ্য। বিচারকদের নিরাপত্তায় থাকা সিআরপিএফ-এর ওপরও চলে হামলা। ইটের ঘায়ে জখম হন সাব-ইনস্পেক্টর অতুল ঠাকুর-সহ বেশ কয়েকজন জওয়ান। কনভয়টি গঙ্গাপ্রসাদ কলোনির কাছাকাছি পৌঁছলে চালক কনভয়ের একটি গাড়ির রামপ্রসাদ মণ্ডলের মাথায় সজোরে পাথর লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি নিয়ন্ত্রণ হারালে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। এমনকি জখম অবস্থায় জওয়ানরা মাটিতে পড়ে থাকলেও তাঁদের ওপর লাগাতার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন চালক রামপ্রসাদ। পুলিশের প্রাথমিক তদন্তে পরিষ্কার, বিচারকদের কনভয়ের ওপর এই হামলা ছিল সুপরিকল্পিত। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে পথ আটকানো, ব্যারিকেড তৈরি করে উত্তেজনা ছড়ানো এবং খুনের হুমকির মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। নির্বাচনের মুখে খোদ বিচারবিভাগীয় আধিকারিকদের ওপর এমন হামলায় এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে।