
Bangladeshi Arrested: ফের ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের ঘটনা সামনে এল। সোমবার গভীর রাতে মালদহের ইংরেজবাজার থানার মহদিপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করার সময় এক বাংলাদেশি যুবককে হাতেনাতে গ্রেপ্তার করল সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF)।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম কৃষ্ণ কুমার শীল (৩৭)। তাঁর বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার জামনগর গ্রামে। সোমবার রাতে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল সে। সেই সময় সীমান্তে নিয়মিত টহল দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের সময় ধৃত যুবক কোনও বৈধ পাসপোর্ট, ভিসা বা পরিচয়পত্র দেখাতে পারেননি। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে কিছু বাংলাদেশি মুদ্রা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেছে বিএসএফ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃতকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী অবৈধ অনুপ্রবেশের মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার অভিযুক্তকে মালদহ জেলা আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কেন এবং কী উদ্দেশ্যে ভারতে প্রবেশের চেষ্টা করছিল, তা জানার জন্য সাত দিনের পুলিশি হেপাজতের আবেদন করা হয়েছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে কোনও পাচার চক্র বা সীমান্তপারের সংগঠিত চক্রান্ত জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার পর মহদিপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিএসএফ ও স্থানীয় পুলিশ প্রশাসন।