Advertisement

বন্ধুর ফেক প্রোফাইল বানিয়ে অশালীন কাজ, প্রতিবাদ করায় বন্ধুকেই খুন: মালদায় উত্তেজনা

ঘটনার পর পুলিশ অভিযুক্ত শেখ আমরাজ ও তার মাকে গ্রেফতার করেছে। তবে আমরাজের বাবা এখনও পলাতক। বৃহস্পতিবার সকালে সোহেলের দেহ গ্রামে ফিরতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।

মালদায় ফেক প্রোফাইলের প্রতিবাদের জেরে খুন যুবকমালদায় ফেক প্রোফাইলের প্রতিবাদের জেরে খুন যুবক
Aajtak Bangla
  • মালদা,
  • 27 Feb 2026,
  • अपडेटेड 12:03 AM IST

Malda Manikchak Murder Case: ফেসবুকে ছবি বিকৃত করে অশ্লীল পোস্ট ঘিরে বিবাদের জেরে মালদার মানিকচক থানার সাহেবনগর এলাকায় খুন হল এক যুবক। মৃতের নাম শেখ সোহেল। অভিযোগ, তাঁরই বন্ধু শেখ আমরাজ ভুয়ো ফেসবুক প্রোফাইল খুলে সোহেলের ছবি ব্যবহার করে একাধিক তরুণীকে অশ্লীল ছবি ও কুপ্রস্তাব পাঠাত। ফলে সমস্ত অভিযোগ সোহেলের ওপর এসে পড়ে।

গত রবিবার বিষয়টি জানতে পেরে সোহেল আমরাজের কাছে জবাব চাইতে গেলে দু’জনের মধ্যে বচসা বাধে। অভিযোগ, সেই সময় আমরাজ ও তার পরিবারের সদস্যরা বাঁশ দিয়ে সোহেলকে বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। দুই দিন চিকিৎসার পর মঙ্গলবার মৃত্যু হয় তাঁর।

ঘটনার পর পুলিশ অভিযুক্ত শেখ আমরাজ ও তার মাকে গ্রেফতার করেছে। তবে আমরাজের বাবা এখনও পলাতক। বৃহস্পতিবার সকালে সোহেলের দেহ গ্রামে ফিরতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পলাতক অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে ধরমপুর বাসস্ট্যান্ড এলাকায় মালদা-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করা হয়। টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান মৃতের পরিবার ও প্রতিবেশীরা। নিহতের পিসি রিমা খাতুন বলেন, “আমাদের ছেলেকে যেভাবে মারা হয়েছে, আমরা তার উপযুক্ত শাস্তি চাই।”

আরও পড়ুন

অবরোধের জেরে প্রায় দুই ঘণ্টা ধরে মালদা-মানিকচক রাজ্য সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে মানিকচক থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে সঠিক তদন্ত ও পলাতক অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

 

Read more!
Advertisement
Advertisement