
মালদায় ফের খুনোখুনি। এ বার খুন হলেন বিজেপি মণ্ডল সহ সভাপতি চন্দন মণ্ডল। অভিযোগ, এক মদ্যপ যুবকের মারে মৃত্যু হয়েছে চন্দনের। ঘটনায় একজনকে আটক করেছে হাবিবপুর পুলিশ।
ঠিক কী ঘটেছে মালদার হাবিবপুরে?
হাবিবপুরে কার্তিক পুজোর মেলায় মদ্যপ যুবকদের মধ্যে বিবাদ থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন চন্দন মণ্ডল। বিজেপি-র মণ্ডল সহ সভাপতি ছাড়াও ওই পুজো কমিটির সম্পাদকও ছিলেন তিনি। অভিযোগ, বিবাদ থামাতে গিয়ে এক মদ্যপ যুবকের মারে মৃত্যু হয়েছে চন্দন মণ্ডল (৪৫) নামে ওই ব্যক্তির। বৃহস্পতিবার গভীর রাতে মালদহের হাবিবপুরের ঋষিপুরের চাঁদপুর গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।
কয়েকজন মদ্যপ যুবকের বচসা থামাতে যান চন্দন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঋষিপুরের চাঁদপুর গ্রামে ১৬ মাথার ষড়ানন কার্তিক পুজো উপলক্ষে কয়েক দিন ধরেই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুজোকে কেন্দ্র করে এলাকায় উৎসবের পরিবেশ ছিল। বৃহস্পতিবার রাতেও মেলায় প্রচুর মানুষের ভিড় হয়েছিল। সেই সময় আচমকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর তার পরেই কয়েকজন যুবকের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, তাঁদের মধ্যে কয়েকজন মদ্যপ অবস্থায় ছিলেন। কথা কাটাকাটি থেকে ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় হাতাহাতিও।
মেলায় গোলমালের খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যান চন্দন মণ্ডল। পুজো কমিটির সম্পাদক হিসেবে তিনি বিবাদ থামানোর চেষ্টা করেন বলে জানা গিয়েছে। কিন্তু অভিযোগ, সেই সময় এক মদ্যপ যুবক তাঁকে মারধর করেন। ওই যুবকের মারে মাটিতে লুটিয়ে পড়েন চন্দন। রাত প্রায় ১২টা নাগাদ ঘটনাটি ঘটে।
হৃদরোগে আক্রান্ত ছিলেন বলে দাবি
এর পর স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছনোর পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চন্দন হৃদ্রোগেও আক্রান্ত ছিলেন বলে জানা গিয়েছে। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃত চন্দন মণ্ডল ঋষিপুরেরই বাসিন্দা ছিলেন। বিজেপির মণ্ডল সহ-সভাপতির দায়িত্ব সামলানোর পাশাপাশি তাঁর ডেকরেটার্সের ব্যবসাও ছিল। পুজো কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকায় স্থানীয়দের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল। এই ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। কী কারণে বিবাদের সূত্রপাত এবং ঠিক কীভাবে চন্দনের মৃত্যু হল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। কার্তিক পুজোর মেলায় উত্সবের আবহে মধ্যে এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া।