Advertisement

Naxalbari TMC-BJP Clash: নকশালবাড়িতে পোস্টার ছেঁড়া নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জখম দুই পক্ষের ১১

Naxalbari TMC-BJP Clash: লাঠি-সোটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ঘটনায় উভয় পক্ষের অন্তত ১১ জন জখম হয়েছেন বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনের মুখে শিলিগুড়ি মহকুমা পরিষদের এই ব্লকে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

ভোটের আগে পোস্টার ছেঁড়া নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নকশালবাড়ি, জখম ১১ভোটের আগে পোস্টার ছেঁড়া নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নকশালবাড়ি, জখম ১১
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 09 Apr 2026,
  • अपडेटेड 8:28 PM IST

Naxalbari TMC-BJP Clash: ভোটের নির্ঘণ্ট বেজে গিয়েছে। আর প্রচারের পারদ চড়তেই শান্ত নকশালবাড়িতে ঝরল রক্ত। বুধবার সকালে রায়পাড়া এলাকায় পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বেঁধে গেল তুলকালাম লড়াই। লাঠি-সোটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ঘটনায় উভয় পক্ষের অন্তত ১১ জন জখম হয়েছেন বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনের মুখে শিলিগুড়ি মহকুমা পরিষদের এই ব্লকে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

স্থানীয় সূত্রের খবর, রায়পাড়া এলাকায় তৃণমূলের নির্বাচনী পোস্টার লাগানো ছিল। ঘাসফুল শিবিরের অভিযোগ, বিজেপির লোকজন গায়ের জোরে সেই পোস্টার ছিঁড়ে দেয়। প্রতিবাদ করতে গেলে তৃণমূল কর্মীদের ওপর চড়াও হয় গেরুয়া বাহিনী। শুরু হয় হাতাহাতি, যা নিমেষেই রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। ঘটনায় বিজেপির ৮ জন এবং তৃণমূলের ৩ জন কর্মী আহত হন। তাঁদের তড়িঘড়ি নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গণ্ডগোলের খবর পেয়েই হাসপাতালে ছোটেন বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। তিনি পৌঁছতেই তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পালটা স্লোগান তোলেন বিজেপি আশ্রিত কর্মীরাও। এর কিছুক্ষণ পর সেখানে হাজির হন তৃণমূল প্রার্থী শঙ্কর মালাকার। দুই হেভিওয়েট প্রার্থীর উপস্থিতিতে খোদ হাসপাতাল চত্বরেই চরম উত্তেজনা ছড়ায়। তৃণমূল নেতা অরুণ ঘোষের সাফ কথা, “বিজেপি শান্ত এলাকাকে অশান্ত করছে। আমরা থানায় অভিযোগ জানাচ্ছি।” হুঁশিয়ারি দিয়ে শঙ্কর মালাকার বলেন, “ভয়ে পোস্টার ছিঁড়ছে বিজেপি। এভাবে কর্মীদের দমানো যাবে না।”

অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। তাঁর দাবি, এলাকা জুড়ে বিজেপিকে বয়কট করার অবৈধ পোস্টার লাগিয়েছিল তৃণমূল। কর্মীরা তা সরাতে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। বর্তমানে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে নির্বাচনের মুখে এই রক্তক্ষয়ী সংঘর্ষে রীতিমতো থমথমে নকশালবাড়ি।

 

Read more!
Advertisement
Advertisement