
পুজোয় পর্যটক পাচ্ছে না 'নিঝুম অরণ্যের পথে'। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC) একটি প্যাকেজ ট্যুর চালু করেছে। ট্যুরের নাম 'নিঝুম অরণ্যের পথে'। মহালয়া থেকে চালু হয়েছে এই সার্ভিস। কিন্তু যাত্রীর অভাবে এখনও পর্যন্ত চাকা গড়াল না এনবিএসটিসি-র ওই বিশেষ বাসে।
সংবাদপত্র বর্তমান-এর রিপোর্ট অনুযায়ী, গেরুয়া রঙের ওই বাসে উত্তরবঙ্গের জঙ্গলে ঘোরার বুকিং নেই। এনবিএসটিসি-র ম্যানেজিং ডিরেক্টর অশ্মিনীকুমার রায়ের কথায়, 'যাত্রী না হলে বাস চালাই কী করে। যাত্রীর অপেক্ষায় আছি আমরা।'
'নিঝুম অরণ্যের পথে'প্যাকেজ ট্যুরে কোন জঙ্গলে নিয়ে যাওয়া হবে?
NBSTC আগেই জানিয়েছিল, সকালে বাস কোচবিহার থেকে ছাড়বে। এরপর আলিপুরদুয়ার, রাজাভাতখাওয়া, জয়ন্তী, নিমাতি, চিলাপাতার জঙ্গল হয়ে ফের কোচবিহারে ফিরবে। সকাল সাড়ে ৮টায় বাস ছাড়বে। কিন্তু যাত্রীর অভাবে বাসে এখনও বুকিংই হয়নি। সাকুল্যে ৪ থেকে ৫ জন যাত্রীর বুক করছেন। বাকি সব সিট খালি। যার ফলে লাভের মুখ দেখা তো দূর, জ্বালানির খরচও উঠছে না। NBSTC জানাচ্ছে, অন্তত ২০ জন যাত্রী না হলে বাস চালিয়ে লাভ নেই।
এই ট্যুরের ভাড়া কত?
একদিনের ভ্রমণে যাত্রীপিছু ৫ হাজার টাকা করে ভাড়া রাখা হয়েছে। এর মধ্যে দুপুরের খাবারের ব্যবস্থা আছে ও বিকেলে চিলাপাতার জঙ্গলে আদিবাসী নৃত্য দেখানো হবে। তার জন্য অবশ্য আলাদা ফি লাগবে। এখনও পর্যন্ত বাসের চাকা গড়ায়নি। এত কম যাত্রী বুক করছেন যে, বাস চালানোই যাচ্ছে না।
কত দিন ধরে এই প্যাকেজ ট্যুর চলবে ও কোথায় বুকিং করতে হবে?
NBSTC জানিয়েছে, এই বাস ভ্রমণের নাম দেওয়া হয়েছে, 'নিঝুম অরণ্যের পথে'। অর্থাত্ নামের মধ্যেই লুকিয়ে রয়েছে এই ট্যুরের বিশেষত্ব। মহালয়ার সকাল থেকে সার্ভিস চালু হয়েছে। চলবে লক্ষ্মীপুজোর পরের দিন পর্যন্ত। কোচবিহারের সুনীতি রোডে NBSTC-র গ্যারেজে রয়েছে বাসটি।
কীভাবে বুকিং করা যাবে?
বুকিং করতে আপনাকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের (NBSTC) অফিসিয়াল কাউন্টার অথবা তাদের অনুমোদিত ট্যুর এজেন্সির সাথে সরাসরি যোগাযোগ করতে হবে। এছাড়া বিস্তারিত আপডেটের জন্য আপনি তাদের পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটনের অফিসিয়াল প্ল্যাটফর্মগুলি অনুসরণ করতে পারেন।